সুব্রত চৌধুরী, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ : ২১ মিনিট আগে
আপডেট : ৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)।
শনিবার (২১ নভেম্বর) সকালে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় টার্কি, মুরগিসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সংহতি প্রকাশ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এ বিশেষ খাদ্য সহায়তার আয়োজন করা হয়েছে।
এতে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। খাদ্য সহায়তা কার্যক্রমে সহযোগিতা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’। থ্যাংকস গিভিং ডে-র প্রাক্কালে বিএএসজের এ উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে।
খাদ্য সহায়তা কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক।