এম ডি জে খোকন, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ : ১৫ মিনিট আগে
ব্রেক্সিটের প্রায় ১০ বছর পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাজ্য। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা শেষ হয়েছে এবং চুক্তি সম্পন্ন হয়েছে। এখন সেগুলো বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। তবে কয়েকটি বিষয়ে আইনি প্রক্রিয়া ও বিস্তারিত আলোচনা এখনো বাকি রয়েছে। যৌথ বিবৃতিতে চুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
চুক্তিতে যা থাকছে
খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য: নতুন চুক্তির আওতায় পশু, উদ্ভিদ ও সংশ্লিষ্ট পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান স্বাস্থ্য ও সীমান্ত পরীক্ষার বাধা অনেকটাই কমবে। এর ফলে দুই পক্ষের মধ্যে খাদ্যপণ্যের বাণিজ্য সহজ হবে এবং ব্যবসায়িক ব্যয় কমবে। আল জাজিরার হিসাবে এতে ব্রিটিশ অর্থনীতি প্রায় ৫১০ কোটি পাউন্ড লাভবান হবে।
তরুণদের জন্য ভিসা সুবিধা: নতুন ‘ইয়ুথ এক্সপেরিয়েন্স স্কিম’-এর আওতায় যুক্তরাজ্য ও ইইউর ১৮ থেকে ৩১ বছর বয়সী তরুণেরা একে অপরের দেশে সর্বোচ্চ তিন বছর বসবাস, কাজ, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ পাবেন। এ কর্মসূচিতে উভয় পক্ষ থেকে বছরে সর্বোচ্চ এক লাখ করে অংশগ্রহণকারীর সুযোগ রাখার কথা হয়েছে। ২০৩০ সালের জানুয়ারির মধ্যে এ সুবিধা চালুর লক্ষ্য রয়েছে।
কার্বন নিঃসরণ ও বাণিজ্য: যুক্তরাজ্য ও ইইউর কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে দুই পক্ষের কার্বন বাজারের মধ্যে সমন্বয় তৈরি হবে। বিশেষ করে ইস্পাতসহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে কার্বন সীমান্ত করের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
অর্থনীতিতে প্রভাব ও রাজনৈতিক প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ইইউর সঙ্গে নতুন এ সমঝোতা দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদে প্রায় ০.৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ করতে পারে। তার মতে, এ চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা দুই পক্ষের সম্পর্ক পুনর্গঠনের পথ তৈরি হয়েছে।
তবে চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনাও রয়েছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ প্রধানমন্ত্রী বার্নহামকে ‘সরল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইইউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চাপে ফেলেছে এবং অনভিজ্ঞতার কারণে তিনি সেই ফাঁদে পা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে অমীমাংসিত বিষয়
ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে সমঝোতা না হলে তিনটি চুক্তিই কার্যকর হবে না বলে জানিয়েছে ইইউ। বর্তমানে এসব শিক্ষার্থীকে বিদেশি শিক্ষার্থীদের নির্ধারিত হারে ফি দিতে হয়, যা অনেক ক্ষেত্রে ব্রিটিশ শিক্ষার্থীদের ফির তুলনায় কয়েক গুণ বেশি। ইইউ চায়, উভয় পক্ষের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সমান হোক। তবে যুক্তরাজ্য এ ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের ১ মার্চ থেকে চুক্তিগুলো কার্যকর করার লক্ষ্য রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য কী বার্তা
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত যেসব তরুণ ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্টধারী, তাদের জন্য নতুন তরুণ চলাচল কর্মসূচি ইউরোপে কাজ, পড়াশোনা ও ভ্রমণের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ সুবিধার ক্ষেত্রে বয়স, নাগরিকত্ব ও অন্যান্য যোগ্যতার শর্ত কী হবে, তা বিস্তারিত নিয়ম প্রকাশের পর স্পষ্ট হবে।
অন্যদিকে ইউরোপের সঙ্গে খাদ্যপণ্য ও কৃষিপণ্যের ব্যবসায় যুক্ত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন চুক্তি বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে সীমান্তে পণ্য পরিবহনের জটিলতা ও ব্যয় কমলে ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন।
ব্রেক্সিটের পর যুক্তরাজ্য ও ইইউর মধ্যে বাণিজ্য, অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে যে দূরত্ব তৈরি হয়েছিল, নতুন এ চুক্তি তা কিছুটা কমানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তিগুলোর বাস্তবায়ন এবং ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ক কোন দিকে এগোয়, তা নির্ভর করবে পরবর্তী আইনি ও নীতিগত সিদ্ধান্তের ওপর।