আমিনুল ইসলাম, আবুধাবি (ইউএই) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মিনিট আগে
দীর্ঘ কয়েক মাসের তীব্র দাবদাহ ও অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তি ফিরেছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি থেকে দুবাই, শারজাহ থেকে রাস আল খাইমাহ—পুরো আমিরাতজুড়েই এখন বইছে মনোরম ও আরামদায়ক বাতাস। গ্রীষ্মের প্রখর রোদ ও অসহনীয় আর্দ্রতা কমে আসায় প্রকৃতিতে বিরাজ করছে শীতের স্নিগ্ধ আমেজ।
গত কয়েক মাস তীব্র গরমে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাইরে বের হওয়াও ছিল বেশ কষ্টকর। তবে আবহাওয়ার পরিবর্তনে এখন সকাল ও সন্ধ্যার চিত্র পাল্টে গেছে। ভোরের হালকা শীতল বাতাস আর বিকালের মিষ্টি রোদ কর্মব্যস্ত প্রবাসীদের মধ্যে এনে দিয়েছে স্বস্তি ও নতুন প্রাণচাঞ্চল্য।
আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়েছে আমিরাতের পার্ক, কর্নিশ ও সমুদ্রসৈকতগুলোতে। বিকাল হলেই আবুধাবি কর্নিশ, আল মাজাজ ওয়াটারফ্রন্ট কিংবা মরুভূমির খোলা প্রান্তরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি, শিশুদের খেলাধুলা, খোলা পরিবেশে হাঁটাহাঁটি ও বন্ধুদের আড্ডায় মুখর হয়ে উঠছে এসব স্থান। বিশেষ করে নির্মাণশ্রমিকসহ খোলা জায়গায় কর্মরত প্রবাসীদের জন্য আবহাওয়ার এ পরিবর্তন নিয়ে এসেছে বড় ধরনের স্বস্তি।
ঋতুর এই পরিবর্তন শুধু তাপমাত্রার পার্থক্যই নয়, বরং দীর্ঘদিনের গরম ও ক্লান্তির পর আমিরাতবাসীর জন্য নিয়ে এসেছে স্বস্তি ও সতেজতা। মনোরম এই আবহাওয়ায় আগামী কয়েক মাস প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন, বিনোদন ও ভ্রমণ আরও আনন্দময় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তারা।