× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডব্লিউএইচও মহাপরিচালকের সঙ্গে বৈঠক

স্বাস্থ্যখাতের অগ্রগতি ধরে রাখতে বৈশ্বিক সহযোগিতা চায় বাংলাদেশ

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

স্বাস্থ্যখাতের অগ্রগতি ধরে রাখতে বৈশ্বিক সহযোগিতা চায় বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন ধরে রাখা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ও জাতিসংঘের জেনেভা কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি মো. রিয়াজ হামিদুল্লাহ।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে চলমান কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি জরুরি স্বাস্থ্য প্রস্তুতি কার্যক্রমে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ডব্লিউএইচও। এ সময় ‘সবার জন্য স্বাস্থ্য’ (Health For All) নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ জানায়, বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অসংক্রামক রোগ (NCDs) মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এ অর্জন ধরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও হামের মতো রোগের ঝুঁকি বাড়ার বিষয়টি তুলে ধরে এসব স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ জানায়, এ সংস্কার প্রক্রিয়ায় উন্নয়নশীল দেশগুলোর সমান অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, দেশীয় ওষুধশিল্পের বিকাশ এবং স্বাস্থ্যপ্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও দুর্যোগ প্রস্তুতির পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নতুন অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে। বাংলাদেশের মতে, স্বাস্থ্যসেবাকে শুধু বাজারনির্ভর খাত হিসেবে না দেখে জনকল্যাণমূলক মৌলিক অধিকার ও সামাজিক সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।

বৈঠক শেষে ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোসের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন বাংলাদেশের প্রতিনিধি মো. রিয়াজ হামিদুল্লাহ। একই সঙ্গে বৈশ্বিক জনস্বাস্থ্য খাতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

স্বাস্থ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও ‘ওয়ান হেলথ’ ধারণাকে সামনে রেখে অনুষ্ঠিত এ বৈঠককে বাংলাদেশ ও ডব্লিউএইচওর মধ্যকার সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা