অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে। ভাড়া করা বাড়িতে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সন্দেহজনক কার্যক্রমের তদন্তে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে তিনটি পৃথক অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসব অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। ছবি: লাউ সিকিইউরিটি টাইমস
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে সাইবার স্ক্যাম ও অনলাইন জুয়া পরিচালনার সন্দেহে ১৩ বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে পৃথক তিনটি অভিযানে মোট ৪১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি। এ ঘটনা বিদেশে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা এবং লাওসের শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে।
লাওসের সংবাদমাধ্যম লাওশিয়ান টাইমসের ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর তিনটি এলাকায় ভাড়া বাসায় অভিযান চালায়। এসব অভিযানে ১৬ জন জাপানি, ১৩ জন বাংলাদেশি, ১১ জন থাই ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৭ নভেম্বর রাতে সায়সেথা জেলার হং সউফাপ গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।
তবে আটক ব্যক্তিরা নিজেরাই অপরাধে জড়িত ছিলেন, নাকি প্রতারণার মাধ্যমে তাদের লাওসে নিয়ে গিয়ে জোরপূর্বক সাইবার অপরাধে নিয়োজিত করা হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে প্রত্যেকের সংশ্লিষ্টতা ও প্রকৃত পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
এই ঘটনা কেবল ১৩ বাংলাদেশির আটকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশের শ্রম অভিবাসন ব্যবস্থাপনা এবং বিদেশে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ ও ২০২৬ সালের মানবপাচারবিষয়ক প্রতিবেদন (ট্রাফিকিং ইন পারসনস-টিআইপি) উভয়টিতেই লাওসকে টিয়ার-৩ শ্রেণিতে রাখা হয়েছে। মানবপাচার প্রতিরোধে ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ দেশগুলোর জন্য এই শ্রেণি নির্ধারিত। বিশেষ করে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) অনলাইন প্রতারণা, জোরপূর্বক শ্রম এবং বিদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে নিয়ে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার বিষয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৩২ জন কর্মী লাওসে গেছেন।
প্রশ্ন হচ্ছে, পরপর দুই বছর যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে সর্বনিম্ন শ্রেণিতে থাকা একটি দেশে হাজার হাজার কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ঝুঁকি মূল্যায়ন করেছে? আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে উঠে আসা মানবপাচার ও জোরপূর্বক অপরাধে নিয়োজিত করার আশঙ্কা কি কর্মী পাঠানোর আগে বিবেচনায় নেওয়া হয়েছিল?
উদ্বেগের আরেকটি কারণ, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে। এতে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক নিয়োগ, শ্রম আমদানি পরিকল্পনা এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়। এমন সিদ্ধান্তের পরও বাংলাদেশ থেকে কর্মী পাঠানো, ভিসা অনুমোদন ও অভিবাসন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
বিএমইটি কি লাওসের ওই সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে উঠে আসা ঝুঁকিগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিল? নতুন নিয়োগ, পূর্ববর্তী ভিসা এবং কর্মীদের প্রকৃত কর্মস্থল যাচাইয়ে কী ধরনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে? এসব প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া জরুরি।
কারণ, শ্রম অভিবাসনের ক্ষেত্রে শুধু ভিসা ও ছাড়পত্র থাকলেই একজন কর্মীর নিরাপত্তা নিশ্চিত হয় না। তাঁর প্রকৃত নিয়োগকর্তা, কাজের ধরন, কর্মস্থল, বেতন এবং কাজের পরিবেশ সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া প্রয়োজন।
আটক বাংলাদেশিদের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ ও মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি। পর্যাপ্ত তদন্ত ছাড়া তাদের সবাইকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যেমন সমীচীন নয়, তেমনি প্রমাণ ছাড়া সবাইকে মানবপাচারের শিকার বলাও ঠিক হবে না। প্রত্যেকের বিদেশযাত্রার প্রক্রিয়া, নিয়োগের প্রতিশ্রুতি, কাজের ধরন, বেতন, পাসপোর্টের নিয়ন্ত্রণ ও চলাচলের স্বাধীনতা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তারা প্রতারণা, ভয়ভীতি কিংবা জবরদস্তির শিকার হয়েছেন কি না, তা-ও যাচাই করা প্রয়োজন।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিত দ্রুত লাওসের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে আটক ১৩ বাংলাদেশির অবস্থা ও অভিযোগের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। প্রয়োজন অনুযায়ী তাদের আইনি সহায়তা, নিরাপত্তা এবং নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে ২০২৫ সাল থেকে লাওসে যাওয়া বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, কর্মস্থল, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং প্রতারণার সম্ভাব্য অভিযোগগুলো পর্যালোচনা করা জরুরি। লাওসসহ মানবপাচারের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে কর্মী পাঠানোর ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক যাচাই-বাছাই আরও জোরদার করতে হবে।
বিদেশে কর্মী পাঠানো শুধু জনশক্তি রপ্তানি বা রেমিট্যান্স অর্জনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ। আন্তর্জাতিক সতর্কবার্তা এবং সংশ্লিষ্ট দেশের সরকারি সিদ্ধান্ত যথাযথভাবে বিবেচনা না করে অভিবাসন কার্যক্রম পরিচালিত হলে এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ কর্মীদের।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডামনের মতে, আন্তর্জাতিক মানবপাচারের ঝুঁকি এবং বিদেশে জোরপূর্বক অপরাধে নিয়োজিত করার বিষয়গুলো শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। আটক বাংলাদেশিদের প্রকৃত পরিস্থিতি যাচাই করে কেউ মানবপাচারের শিকার হয়ে থাকলে তাকে প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দিতে হবে।
এখন সবচেয়ে জরুরি হলো, আটক ১৩ বাংলাদেশির বিষয়ে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে লাওসের শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া কতটা নিরাপদ ও ঝুঁকিমুক্ত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে।