× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটের সংগীত ঐতিহ্যে নিয়ে ‘তানা-রিরি মহোৎসব’

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

গুজরাটের সংগীত ঐতিহ্যে নিয়ে ‘তানা-রিরি মহোৎসব’

গুজরাটের সমৃদ্ধ শাস্ত্রীয় সংগীত ঐতিহ্য এবং কিংবদন্তি দুই সংগীতশিল্পী তানা ও রিরির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের উত্তর গুজরাটের ঐতিহাসিক শহর ভাদনগরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘তানা-রিরি মহোৎসব ২০২৬’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভাদনগরের ঘাসকোর গেটের কাছে অবস্থিত তানা-রিরি সমাধিস্থল প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন হয়। উৎসব চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

গুজরাট সরকারের ক্রীড়া, যুব ও সাংস্কৃতিক কার্যক্রম বিভাগ, গুজরাট রাজ্য সংগীত নাটক আকাদেমি এবং মেহসানা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শাস্ত্রীয় ও লোকসংগীতশিল্পীরা অংশ নিচ্ছেন।

গুজরাটের সংগীত ইতিহাসে তানা ও রিরি দুই বোনের নাম বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রচলিত লোককাহিনি অনুসারে, ষোড়শ শতকে মুঘল সম্রাট আকবরের দরবারের বিখ্যাত সংগীতশিল্পী তানসেন রাগ দীপক পরিবেশনের পর প্রচণ্ড উত্তাপে অসুস্থ হয়ে পড়েন। কথিত আছে, তার শারীরিক যন্ত্রণা উপশম করতে ভাদনগরের দুই প্রতিভাবান সংগীতশিল্পী তানা ও রিরি রাগ মেঘমল্লার পরিবেশন করেন। তাদের সংগীতের প্রভাবে বৃষ্টিপাত হয় এবং তানসেন সুস্থ হয়ে ওঠেন।

পরবর্তী সময়ে আকবরের দরবারে সংগীত পরিবেশনের আমন্ত্রণ প্রত্যাখ্যান এবং নিজেদের সাংস্কৃতিক বিশ্বাস ও মর্যাদা রক্ষার ঘটনাকে ঘিরে তানা ও রিরির আত্মত্যাগের কাহিনি গুজরাটের লোকঐতিহ্যে বিশেষ স্থান করে নিয়েছে।

উৎসবের প্রথম দিনে সংগীত পরিবেশন করবেন সূর্য গায়ত্রী, পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ ও কুমারেশ রাজাগোপালন। পাশাপাশি থাকছে হার্দিক দাভের লোকসংগীত পরিবেশনা। দ্বিতীয় দিনে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন পণ্ডিত জয়তীর্থ মেভুন্ডি। এ ছাড়া পণ্ডিত পূর্বায়ন চ্যাটার্জি ও তার দলের বাদ্যসংগীত এবং ভাবমিক শাহের লোকসংগীত পরিবেশনা উৎসবের আকর্ষণ হিসেবে থাকছে।

এ বছর সংগীতক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘তানা-রিরি পুরস্কার ২০২৬’ দেওয়া হবে হেতল মেহতা জোশী ও মালিনী অবস্থীকে। শাস্ত্রীয় সংগীতের চর্চা, শিল্পীদের সম্মাননা এবং নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংগীতের ঐতিহ্য ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০০৩ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এ মহোৎসবের সূচনা হয়। পরবর্তী সময়ে এটি গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক শাস্ত্রীয় সংগীত উৎসবে পরিণত হয়েছে। তানা ও রিরির স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব এখন শুধু দুই সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন নয়; বরং গুজরাটের সংগীত, লোকসংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা