এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৬ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে যুক্তরাজ্যের রাজপথে এমন সহিংসতার ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেশটির অভিবাসননীতি ও বাংলাদেশি অভিবাসীদের ভবিষ্যৎ নিয়েও নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি এখন পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে যুক্তরাজ্যের মূলধারার সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম The Standard সংঘর্ষের ভিডিও, আহত ব্যক্তির সংখ্যা, পুলিশের তদন্ত এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে রেডব্রিজ কাউন্সিলের নেতা কাম রাই (Kam Rai) ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে কাউন্সিলের সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরার ফুটেজও তদন্তে সহায়তার জন্য দেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য জ্যাস আথওয়ালও (Jas Athwal) সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষের রাস্তায় সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।
অন্যদিকে, ব্রিটিশ বিরোধী দলের শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ (Chris Philp) সংঘর্ষে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড এবং তারা ব্রিটিশ নাগরিক না হলে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি ব্রিটিশ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য ও রিস্টোর ব্রিটেনের (Restore Britain) নেতা রুপার্ট লোয়ের (Rupert Lowe) মন্তব্যে। গত ১৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও প্রকাশ করে তিনি বাংলাদেশিদের সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করেন।
তিনি লেখেন, “Bangladeshi men scrapping on Romford’s streets over some nonsense political dispute between the ‘NCP’ and their rivals the ‘Awami’ League… I really could not care less about these Bangladeshis, or indeed Bangladesh at all. Deport the lot.”
অর্থাৎ, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে ব্রিটেনের রাস্তায় সংঘর্ষে জড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কেও অবজ্ঞাসূচক মন্তব্য করেন। পরবর্তী বক্তব্যে রুপার্ট লো বলেন, Restore Britain সরকার গঠন করলে রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কার করা হবে।
বাংলাদেশের জন্য কঠোর অভিবাসননীতির প্রস্তাব
রুপার্ট লোয়ের সাম্প্রতিক মন্তব্যকে তার পূর্বঘোষিত অভিবাসননীতির বাইরে বিচ্ছিন্ন কোনো বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। এর আগে গত ৩ অক্টোবর রিস্টোর ব্রিটেনের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশকে তার প্রস্তাবিত ‘রেড লিস্টে’ অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।
তার প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, ইরিত্রিয়া, আলবেনিয়া, আফগানিস্তান ও ইরানসহ কয়েকটি দেশ থেকে বেসামরিক অভিবাসন সম্পূর্ণ বন্ধ করা হবে। এসব দেশের নাগরিকদের জন্য ভিসার সুযোগ সীমিত করা, কঠোর যাচাই-বাছাই এবং অভিবাসনের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের কথাও রয়েছে।
অর্থাৎ, সাম্প্রতিক রমফোর্ডে সংঘর্ষের পর বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের দাবি এবং এর আগে বাংলাদেশ থেকে অভিবাসন বন্ধের প্রস্তাব—দুটিই তাঁর কঠোর অভিবাসননীতির সঙ্গে সম্পর্কিত। তবে এগুলো রিস্টোর ব্রিটেনের রাজনৈতিক প্রস্তাব ও প্রতিশ্রুতি; যুক্তরাজ্য সরকারের কার্যকর কোনো নিষেধাজ্ঞা নয়।
শুধু রুপার্ট লো নন, রিফর্ম ইউকের (Reform UK) শ্যাডো হোম সেক্রেটারি জিয়া ইউসুফও রমফোর্ডের সংঘর্ষকে কেন্দ্র করে অভিবাসননীতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) তিনি লেখেন, “Bangladeshi men have caused CHAOS on the streets of East London as a result of political disputes in Bangladesh. This is what untrammelled, mass immigration from the Tory and Labour parties has delivered for British people. Britain needs Reform.”
তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে যুক্তরাজ্যের রাজপথে নিয়ে আসার ঘটনাকে কনজারভেটিভ ও লেবার পার্টির অভিবাসননীতির ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি রিফর্ম ইউকের অভিবাসননীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
এদিকে, কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি কেটি ল্যাম (Katie Lam) বলেছেন, যুক্তরাজ্যে আসা ব্যক্তিদের নিজ দেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাত ব্রিটেনের মাটিতে নিয়ে আসা উচিত নয়। রিফর্ম ইউকের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও (Andrew Rosindell) এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
কমিউনিটির ভাবমূর্তি নিয়ে উদ্বেগ
ব্রিটিশ সংবাদমাধ্যমে সংঘর্ষের খবর প্রকাশ এবং প্রভাবশালী রাজনীতিকদের অভিবাসনবিরোধী মন্তব্যের পর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক অবস্থান ও সামগ্রিক ভাবমূর্তি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক বিরোধের জেরে প্রবাসের মাটিতে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কয়েকজন সমর্থকের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। একইভাবে কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে একটি সম্পূর্ণ জাতিগোষ্ঠীকে বহিষ্কার করা কিংবা সামগ্রিক অভিবাসন বন্ধের দাবি তোলাও গুরুতর রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বিষয়।
বাস্তবতা হলো, এ ধরনের ঘটনা অভিবাসনবিরোধী রাজনীতিকদের বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে এবং বাংলাদেশি অভিবাসন ও কমিউনিটির অবস্থান নিয়ে বিতর্ক আরও জোরালো করতে পারে।
The Standard-এর ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং সিসিটিভি ও ড্যাশক্যামের ফুটেজ সংগ্রহের আহ্বান জানিয়েছে।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়—এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল ভূমিকা জরুরি। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের রাজনৈতিক মতাদর্শ ও দলীয় সমর্থন ভিন্ন হতে পারে। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপ্রকাশ, প্রতিবাদ ও সমালোচনা প্রত্যেকের অধিকার। কিন্তু সেই মতপার্থক্য যেন হামলা, সংঘর্ষ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ না হয়।
রমফোর্ডের ঘটনা তাই কেবল দুটি রাজনৈতিক পক্ষের বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসন, প্রবাসী কমিউনিটির ভাবমূর্তি এবং অভিবাসনবিরোধী রাজনীতির নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির স্বার্থে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করা জরুরি।