× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের প্রদর্শনী

হুমায়ূন আহমেদ শ্রাবণ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মিনিট আগে

পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের প্রদর্শনী

সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্‌যাপন, নিজ দেশের ঐতিহ্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের লিসবনে অবস্থিত আইএসসিটিই-ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবনে (ISCTE – University Institute of Lisbon) অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ভিলেজ’। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৩৫টির বেশি দেশ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন। বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো স্টলটি ছিল দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে এতে অংশ নেন হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক ও তৌফিক আহমেদ।

বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশিল্প ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরতে স্টলে পরিবেশন করা হয় দেশীয় নানা খাবার। খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, বেগুন ভাজি ও বিভিন্ন ধরনের ভর্তা। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনি। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই।

খাবারের আয়োজনের পাশাপাশি দিনব্যাপী উৎসবে ছিল সংগীত পরিবেশনা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।

বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ‘গ্লোবাল ভিলেজ’ আয়োজন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ‘সেরা প্রতিনিধিত্বকারী দেশ’। গত বছর এ স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী শিক্ষার্থী ঐশী দাস বলেন, ‘আমরা গত বছর সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ঘোষিত হয়েছিলাম। এ বছর সেটি না হলেও নতুন শিক্ষার্থীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং সবার প্রশংসা পেয়েছে।’

এবারের আয়োজনে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, শুধু দেশীয় খাবার পরিবেশন নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরাই ছিল তাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা