সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মিনিট আগে
জেনেভার বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম রিয়াজ হামিদুল্লাহ। জেনেভা ক্যান্টনের নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট আন হিল্টপোল্ড ও শহরটির মেয়র ক্রিস্টিনা কিটসোসের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
জেনেভার ঐতিহাসিক টাউন হলের আলাবামা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এম রিয়াজ হামিদুল্লাহ বহুভাষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। তিনি প্রস্তাব করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমনভাবে উদ্যাপন করা হোক, যাতে জেনেভার বিভিন্ন জনগোষ্ঠী পরস্পরের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায়। এর মাধ্যমে ভাষাগত ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি সম্প্রীতি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে সম্ভাব্য আয়োজনের ধরন ও কর্মসূচি সম্পর্কে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠকে জেনেভা ক্যান্টনে ১৯৬টি জাতীয়তার মানুষের বসবাসের কথা উঠে আসে। ক্যান্টনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জেনেভা ক্যান্টনের মোট ৫ লাখ ৩৭ হাজার ১৯১ বাসিন্দার মধ্যে ৪১ দশমিক ৭ শতাংশ ছিলেন বিদেশি নাগরিক। এ হার ক্যান্টনের মোট জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের কাছে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী ভাষাশহীদদের স্মরণের দিন। বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। জেনেভায় উত্থাপিত এ প্রস্তাবের মধ্য দিয়ে একুশের চেতনার সঙ্গে শহরটির বিভিন্ন ভাষাভাষী পরিবারের নিজ নিজ মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।