× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালে আবাসন সনদ জালিয়াতি, তদন্তে ৪ হাজার অভিবাসী

হুমায়ূন আহমেদ শ্রাবণ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মিনিট আগে

পর্তুগালে আবাসন সনদ জালিয়াতি, তদন্তে ৪ হাজার অভিবাসী

ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ সংগ্রহ ও ইস্যুতে সহায়তার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (পিজে)।

বুধবার (১৮ নভেম্বর) লরেস পৌরসভায় ‘অপারেশন ডোমাস’ নামে পরিচালিত এ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২টি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ।

পিজের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রকৃত বসবাসের ঠিকানার পরিবর্তে মিথ্যা তথ্য ব্যবহার করে স্থানীয় প্যারিশ কাউন্সিল বা ফ্রেগেসিয়া কাউন্সিল থেকে আবাসন সনদ সংগ্রহ করে দিতেন। অর্থের বিনিময়ে দেওয়া এসব সনদ পর্তুগালে অভিবাসীদের বসবাসের বৈধতা অর্জন বা অভিবাসন নিয়মিতকরণ প্রক্রিয়ায় ব্যবহার করা হতো। তদন্তে দেখা গেছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই চক্রের মাধ্যমে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ ইস্যু করা হয়েছে।

জালিয়াতির কার্যক্রম কতটা সংগঠিতভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কেও তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে এমন ঘটনাও শনাক্ত হয়েছে, যেখানে অভিযুক্তরা একটি নির্দিষ্ট দিনে ২০ বারের বেশি স্থানীয় প্যারিশ কাউন্সিলে গিয়ে আবাসন সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

মূলত একই ঠিকানার বিপরীতে অস্বাভাবিকসংখ্যক আবাসন সনদ ইস্যুর বিষয়টি নজরে আসার পর একটি প্যারিশ কাউন্সিল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে পিজের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। তদন্তে অবৈধ অভিবাসনে সহায়তা, সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড, নথি জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের হাতে আসা আর্থিক তথ্যেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সন্দেহভাজনরা বিপুল অর্থ উপার্জন করেছেন, যা তাদের পরিচিত বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে এ ঘটনায় পর্তুগালে বসবাসরত অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব বিদেশি নাগরিক এই চক্রের মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA) থেকে রেসিডেন্সি পারমিট নিয়েছেন, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বসবাসের বৈধতা বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে।

তবে প্রকৃত ঠিকানা ব্যবহার করে বৈধভাবে আবাসন সনদ সংগ্রহকারীদের এ তদন্তের আওতায় আনার কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং জালিয়াতির মাধ্যমে ইস্যু করা সনদগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা