সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ২১ মিনিট আগে
আপডেট : ৪ মিনিট আগে
অভিনেতা রবার্ট প্যাটিনসন।
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে এবার আলোচনার কেন্দ্রে নেই কোনো নতুন সিনেমার কাহিনি, বরং বিলাসবহুল সুইস ঘড়ির ব্র্যান্ড। পরবর্তী জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আলোচনায় আসায় ঘড়িপ্রেমী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—০০৭-এর কব্জিতে এবার কোন ব্র্যান্ডের ঘড়ি দেখা যাবে, ওমেগা নাকি জেগার-লেকুলত্র?
গত প্রায় তিন দশক ধরে জেমস বন্ডের সঙ্গে ওমেগার সম্পর্ক বেশ দৃঢ়। ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ সিনেমায় পিয়ার্স ব্রসনানের কব্জিতে প্রথম দেখা যায় ওমেগা সিমাস্টার। এরপর ড্যানিয়েল ক্রেগ অভিনীত পাঁচটি বন্ড সিনেমাতেও একই ব্র্যান্ডের ঘড়ি ছিল নজরকাড়া অনুষঙ্গ। ফলে জেমস বন্ড মানেই ওমেগা, এমন ধারণাই প্রতিষ্ঠিত হয়েছে দর্শকদের মনে।
তবে সেই দীর্ঘদিনের আধিপত্যে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আরেক সুইস ব্র্যান্ড জেগার-লেকুলত্র। সম্প্রতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রবার্ট প্যাটিনসন। চলতি বছরের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি জেগার-লেকুলত্রের বিশেষ সংস্করণের একটি ঘড়ি পরতে দেখা যায়। ঘড়িটির আনুমানিক মূল্য ১০ লাখ ডলার। ঘড়িটির মাত্র পাঁচটি বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।
বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ঘড়ি ও লাইফস্টাইলবিষয়ক গণমাধ্যমের নজর কেড়েছে। বিশ্লেষকদের ধারণা, প্যাটিনসন যদি সত্যিই নতুন জেমস বন্ড হন, তাহলে সিনেমা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্র্যান্ড-প্লেসমেন্টের দৌড়ে ওমেগার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে জেগার-লেকুলত্র।
মূলত এ প্রতিযোগিতার পেছনে রয়েছে বড় ধরনের ব্যবসায়িক স্বার্থ। ওমেগার সাবেক প্রধান নির্বাহী জ্যঁ-ক্লোদ বিভার একসময় জানিয়েছিলেন, বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অংশীদারত্ব নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করেছিল। কারণ, বন্ড সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে ওমেগার ব্র্যান্ড পরিচিতি ও ঘড়ির বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়ে।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কোনো ইঙ্গিত মেলেনি। নতুন বন্ড হিসেবে আলোচিত প্যাটিনসনের যে প্রচারণামূলক ছবি প্রকাশ করা হয়েছে, তাতেও তার কব্জিতে কোনো ঘড়ি দেখা যায়নি। ফলে ওমেগা কি তাদের দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি জেগার-লেকুলত্র নতুন ইতিহাস গড়বে, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের কাছেই রয়ে গেছে।