এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১০ মিনিট আগে
লন্ডনে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে। এ ঘটনায় যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ব্রিটিশ রাজনীতিকদের কঠোর মন্তব্যের পর প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি ও সামাজিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম ‘ইভনিং স্ট্যান্ডার্ড’ ও ‘জিবি নিউজ’ পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ গণমাধ্যমে এ ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটির অনেকে।
এদিকে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুপার্ট লো (Rupert Lowe) গতকালের সংঘর্ষের একটি ভিডিও তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। একই ধরনের কঠোর অবস্থান ও মন্তব্য প্রকাশ করেছেন রিফর্ম ইউকের আরেক রাজনীতিক জিয়া ইউসুফ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দেশটির রাজনৈতিক নেতাদের নিয়েও তাদের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্রিটিশ রাজনীতিকদের এমন বক্তব্য এবং দেশটির মূলধারার গণমাধ্যমে সংঘর্ষের খবর প্রকাশের বিষয়টি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। ব্যক্তিগত কিংবা দলীয় রাজনৈতিক বিরোধের জেরে প্রবাসে এ ধরনের সহিংসতা শুধু সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সুনামও প্রশ্নের মুখে ফেলতে পারে।
এদিকে, যুক্তরাজ্য সফররত বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিরাপদে রয়েছেন। তিনি সংঘর্ষে আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন বলেও জানা গেছে।
গতকাল সোমবার আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
প্রবাসের মাটিতে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়—এমন প্রত্যাশা সচেতন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির।