× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৬

এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মিনিট আগে

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত সোমবার রাতে মে ফেয়ার ভেন্যু ও এর আশপাশে এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সংবর্ধনা অনুষ্ঠান ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার রাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের একটি দল ভেন্যুর বাইরে বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে জানা গেছে, অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ এবং কয়েকজনকে হেনস্তা করা হয়। অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায় এবং তা প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেয়। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর বিবৃতিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের উগ্র সমর্থকরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা ও যুক্তরাজ্য সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত দাবি করেন। পাশাপাশি যুক্তরাজ্যে রাজনৈতিক সহিংসতা ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদও কয়েকজন গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছেন। তার অভিযোগ-হামলাকারীরা কাচের বোতল ও লোহার রড ব্যবহার করেছে।

হামলার নিন্দা জানাল বাংলাদেশ সরকার : নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরকালে সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর আওয়ামী-সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলা চালান। এতে প্রায় ১০ জন আহত হন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিবৃতিতে এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে বলা হয়, এসব কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করে। হামলার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে-বিদেশে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা