অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি
প্রকাশ : ৩২ মিনিট আগে
আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে ভারতের গুজরাটের ঐতিহাসিক শহর ভাডনগরে অবস্থিত ‘অনন্ত অনাদি ভাডনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর’। জার্মানির বার্লিনে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাদুঘরটি মর্যাদাপূর্ণ ‘রেড ডট: বেস্ট অব দ্য বেস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। এ স্বীকৃতিতে গুজরাটের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিতি পেয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভাডনগরের ঐতিহাসিক ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তি ও অভিনব নকশার মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে এ আন্তর্জাতিক স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভারতের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে।
ভাডনগর ভারতের অন্যতম প্রাচীন ঐতিহাসিক জনবসতিপূর্ণ শহর। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এখানে আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, ধর্মীয় জীবন ও সামাজিক ব্যবস্থার নানা নিদর্শন শহরটির ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সেই দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে অনন্ত অনাদি প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
প্রায় ১২ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত জাদুঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৯৮ কোটি টাকা। ২০২৫ সালের ১৬ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটি উদ্বোধন করেন। জাদুঘরে রয়েছে নয়টি বিষয়ভিত্তিক প্রদর্শনী কক্ষ। সেখানে ছয় হাজারের বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে ভাডনগরের প্রাচীন ইতিহাস ও সভ্যতার নানা দিক তুলে ধরা হয়েছে।
জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রাচীন মাটির পাত্র, মুদ্রা, অলংকার, ভাস্কর্য, অস্ত্রসহ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও দৃশ্য-শ্রাব্য উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে অতীতের সভ্যতা ও জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া বিভিন্ন নিদর্শনও জাদুঘরটির অন্যতম আকর্ষণ।
জাদুঘরটির বিশেষত্ব হলো, এখানে শুধু প্রাচীন নিদর্শন প্রদর্শন করা হয়নি; বরং প্রত্নতাত্ত্বিক খননক্ষেত্রের ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরা হয়েছে। মাটির বিভিন্ন স্তরে আবিষ্কৃত সভ্যতার চিহ্ন দর্শনার্থীদের সামনে ভাডনগরের দীর্ঘ ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। ফলে ইতিহাসপ্রেমী, গবেষক, শিক্ষার্থী এবং পর্যটকদের কাছে জাদুঘরটি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
আন্তর্জাতিক এ স্বীকৃতি ভাডনগরের পর্যটন শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। বিদেশি পর্যটক, ইতিহাস গবেষক এবং প্রত্নতত্ত্ববিদদের কাছে শহরটির পরিচিতি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ভারতের প্রাচীন সভ্যতা ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার এই উদ্যোগ আগামী প্রজন্মের কাছে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে আরও পরিচিত করে তুলবে।