অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মিনিট আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে উত্তর ভারতের অন্যতম প্রধান লোক উৎসব ছট পূজা। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের প্রবাসী বাসিন্দাদের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। বিশেষ করে সাবরমতী নদীর রিভারফ্রন্টে হাজারো পুণ্যার্থীর সমাগমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
ছট পূজা উপলক্ষে নদীর ঘাট সাজানো, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পূজার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব পালিত হচ্ছে। এদিন ব্রতী নারী-পুরুষ নদী ও জলাশয়ের ঘাটে সমবেত হয়ে সূর্যদেবের আরাধনা করেন। আগামীকাল সোমবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হবে।
সাবরমতী রিভারফ্রন্ট ছাড়াও শাহিবাগ, মেঘানীনগর, বাপুনগর, সারসপুর ও চাঁদখেড়াসহ শহরের বিভিন্ন এলাকায় ছট পূজার আয়োজন করা হয়েছে।
ছট পূজা মূলত সূর্যদেব ও ছটী মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। এ উৎসবে ব্রতীরা পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় কঠোর নিয়ম মেনে উপবাস পালন করেন। ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’—এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। প্রায় ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস এ ব্রতের অন্যতম বৈশিষ্ট্য। বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ঠেকুয়া সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।
আহমেদাবাদে বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বহু মানুষ কর্মসূত্রে নিজেদের রাজ্য থেকে দূরে থাকলেও ছট পূজার মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা নদীর ঘাটে সমবেত হয়ে পূজার্চনায় অংশ নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও প্রশাসনের ব্যবস্থাপনায় উৎসব ঘিরে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সব মিলিয়ে আহমেদাবাদের সাবরমতী নদীর তীরে ছট পূজার আয়োজন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং প্রবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক সংহতি ও শিকড়ের প্রতি ভালোবাসার প্রকাশ হয়ে উঠেছে।