এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ৮ মিনিট আগে
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ৭৮তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এ উপলক্ষে রাজধানী লন্ডনে দীর্ঘদিনের রাজকীয় ঐতিহ্য মেনে আয়োজন করা হয়েছে বিশেষ তোপধ্বনির।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় গ্রিন পার্কে দ্য কিংস ট্রুপ রয়্যাল হর্স আর্টিলারি এবং ব্যান্ড অব দ্য স্কটস গার্ডসের অংশগ্রহণে তোপধ্বনি দেওয়া হয়। ঘোড়ায় টানা কামানসহ সামরিক বাহিনীর সুসজ্জিত দল ও ব্যান্ডের সুর পরিবেশনায় আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ হয়ে উঠে আয়োজনটি।
এরপর বেলা ১টায় ঐতিহাসিক এইচএম টাওয়ার অব লন্ডনে অনারেবল আর্টিলারি কোম্পানির উদ্যোগে তোপধ্বনি দেওয়া হয়। ব্রিটেনের অন্যতম প্রাচীন সামরিক ইউনিট হিসেবে পরিচিত এ কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে তোপধ্বনির দায়িত্ব পালন করে আসছে।
ব্রিটেনে রাজকীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর রীতি দীর্ঘদিনের। রাজার জন্মদিনেও সেই ঐতিহ্য অনুসরণ করা হয়েছে। লন্ডনের এই দুটি স্থানে আয়োজিত অনুষ্ঠান দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সমাগম ঘটে।
রাজা তৃতীয় চার্লস
রাজা তৃতীয় চার্লস ১৯৪৮ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি যুক্তরাজ্যের সিংহাসনে বসেন। ২০২৩ সালের মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার অভিষেক অনুষ্ঠিত হয়।
রাজার আনুষ্ঠানিক জন্মদিন সাধারণত জুন মাসে ‘ট্রুপিং দ্য কালার’ অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়। তবে ১৪ নভেম্বর তার প্রকৃত জন্মদিন। এ দিন তোপধ্বনি ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাকে সম্মান জানানো হয়।