× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছর বরণে উৎসবমুখর আহমেদাবাদ-গান্ধীনগর

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৪ পিএম

নতুন বছর বরণে উৎসবমুখর আহমেদাবাদ-গান্ধীনগর

দীপাবলির আলোকোৎসবের রেশ কাটতে না কাটতেই নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতিতে ব্যস্ত গুজরাট। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজ্যজুড়ে উদযাপিত হবে গুজরাটি নববর্ষ। স্থানীয়ভাবে ‘বেস্তু বরস’ (Bestu Varas) বা ‘নূতন বর্ষ’ নামে পরিচিত এ উৎসবের মধ্য দিয়ে শুরু হবে গুজরাটি পঞ্জিকা অনুযায়ী বিক্রম সংবৎ ২০৮৩। নববর্ষ উপলক্ষে রাজ্যজুড়ে চলছে উৎসব, প্রার্থনা, পারিবারিক মিলন ও শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি।

গুজরাটি নববর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো পরস্পরকে ‘সাল মুবারক’ বলে শুভেচ্ছা জানানো। নতুন পোশাক পরিধান, মন্দিরে প্রার্থনা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন গুজরাটের মানুষ। পাশাপাশি ঘরে ঘরে রঙোলি আকা ও আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।

গুজরাটের ব্যবসায়িক সংস্কৃতির সঙ্গেও এ উৎসবের রয়েছে নিবিড় সম্পর্ক। দীপাবলি উপলক্ষে ব্যবসায়ীরা ‘চোপড়া পূজন’-এর মাধ্যমে পুরোনো হিসাবের খাতা বন্ধ করে নতুন হিসাবের খাতা, ল্যাপটপ ও ব্যবসায়িক সরঞ্জামের পূজা করেন। নতুন বছরে ব্যবসায় সমৃদ্ধি ও সাফল্য কামনাই এ ঐতিহ্যের মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে গুজরাটের বাণিজ্যিক ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটে।

নববর্ষ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগর ও আহমেদাবাদে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৭টায় গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর তিনি আদলাজের ত্রিমন্দিরে যাবেন। সকাল ৮টায় গান্ধীনগরের মন্ত্রী আবাসন এলাকার কমিউনিটি সেন্টারে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আহমেদাবাদে মুখ্যমন্ত্রীর ভদ্রকালী মন্দির দর্শন এবং শাহিবাগে নাগরিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে। এ ছাড়া পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

উৎসবকে ঘিরে গুজরাটের শহর থেকে গ্রাম—সবখানেই বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। পুরোনো বছরের স্মৃতি পেছনে ফেলে নতুন সম্ভাবনা, সমৃদ্ধি ও সম্প্রীতির প্রত্যাশায় বিক্রম সংবৎ ২০৮৩-কে বরণ করে নিতে প্রস্তুত গুজরাটবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা