সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৬:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে নানা আয়োজনে উৎসবটি উদযাপন করেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।
শ্যামাপূজা উপলক্ষে দেবী কালীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে ষোড়শ উপচারে দেবীর পূজা-অর্চনা করেন ভক্তরা।
শক্তি ও শান্তির দেবী শ্যামার আগমন উপলক্ষে নিউ জার্সির সনাতনী সম্প্রদায়ের মধ্যে ছিল উৎসবের আমেজ। সন্ধ্যা থেকেই ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবীর কৃপা লাভ, অশুভ শক্তির বিনাশ এবং জীবনের দুঃখ-দুর্দশা দূর হওয়ার কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
উৎসব উপলক্ষে অনেক প্রবাসী সনাতনী পরিবার নিজ নিজ বাড়িতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। পাশাপাশি আয়োজন করা হয় শ্যামাসংগীত, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে আয়োজক সংগঠনের সদস্যরা সংগীত পরিবেশন করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।