× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকসংস্কৃতি ও ঐতিহ্যের আয়োজনে রণ উৎসব

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:১৮ পিএম

লোকসংস্কৃতি ও ঐতিহ্যের আয়োজনে রণ উৎসব

প্রকৃতির অপার সৌন্দর্য, লোকসংস্কৃতির বৈচিত্র্য আর মরুভূমির বুকে শিল্পের অনন্য সমাহার—সব মিলিয়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে ভারতের গুজরাটের বিশ্বখ্যাত ‘রণ উৎসব’। গত ১ নভেম্বর কচ্ছের ধোরদোতে শুরু হয়েছে ২০২৬-২৭ মৌসুমের এ উৎসব। চলবে ২০২৭ সালের ৭ মার্চ পর্যন্ত। ভারতের অন্যতম আকর্ষণীয় শীতকালীন পর্যটন আয়োজন হিসেবে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে রণ উৎসব।

গুজরাটের কচ্ছ জেলার বিস্তীর্ণ গ্রেট রণ অব কচ্ছের সাদা লবণাক্ত প্রান্তর এ উৎসবের মূল আকর্ষণ। বর্ষার পানি সরে যাওয়ার পর বিস্তীর্ণ এলাকাজুড়ে তৈরি হয় সাদা লবণের আস্তরণ। সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা পূর্ণিমার রাতে সেই প্রান্তর ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ। বিশেষ করে চাঁদের আলোয় সাদা মরুভূমি যখন রুপালি আভায় ঝলমল করে, তখন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। এই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই ধোরদোতে গড়ে উঠেছে রণ উৎসবের বিশেষ টেন্ট সিটি।

এবারের উৎসবে পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আবাসন ও সাংস্কৃতিক আয়োজনে যুক্ত হয়েছে নানা উদ্যোগ। প্রায় ৭০টি উন্নতমানের আধা-স্থায়ী তাঁবু যুক্ত করা হয়েছে। পাশাপাশি থাকছে লোকসংগীত, নৃত্য, লাইভ মিউজিক, গল্প বলার আসর, শিল্পকর্মের প্রদর্শনী, কর্মশালা এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন।

রণ উৎসবের অন্যতম আকর্ষণ কচ্ছের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। সিদ্ধি সম্প্রদায়ের বিশেষ সংগীত ও নৃত্যের পাশাপাশি জোড়িয়া পাভা, সন্তার, মঞ্জিরা, ঢোলক ও মোরচাংয়ের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে। গুজরাটের বিভিন্ন লোকনৃত্য, স্থানীয় শিল্পীদের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তুলে ধরা হয় কচ্ছের সমৃদ্ধ ঐতিহ্য।

সংগীত ও নৃত্যের পাশাপাশি কচ্ছের হস্তশিল্পও উৎসবের বিশেষ আকর্ষণ। উৎসব প্রাঙ্গণের হাটে মিলছে আজরাখ ব্লক প্রিন্ট, বান্ধনি শাড়ি, ঐতিহ্যবাহী সূচিশিল্প, আয়নার কাজ, গয়না ও লিপ্পন আর্টের মতো স্থানীয় শিল্পকর্ম। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এসব কারুশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। একই সঙ্গে স্থানীয় শিল্পী ও কারিগরেরাও পাচ্ছেন তাদের পণ্য বিপণনের সুযোগ।

খাবারের আয়োজনেও থাকছে কচ্ছ ও গুজরাটের নিজস্ব স্বাদ। ঐতিহ্যবাহী গুজরাটি ও কচ্ছি খাবারের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন আঞ্চলিক পদ। মরুভূমিতে উটের সাফারি, এটিভি রাইড, প্যারামোটরিং, তারাভরা আকাশের নিচে সময় কাটানোসহ নানা অ্যাডভেঞ্চার কার্যক্রমও উৎসবের আকর্ষণ বাড়িয়েছে।

এবারের আয়োজনে কচ্ছের অন্যান্য ঐতিহাসিক ও পর্যটনস্থলকে একই পর্যটন মানচিত্রে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ধোরদোর পাশাপাশি পর্যটকেরা ঘুরে দেখতে পারবেন ধোলাভিরা, মান্ডভি এবং বিখ্যাত ‘রোড টু হেভেন’। ধোলাভিরা সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। ফলে রণ উৎসবকে কেন্দ্র করে পর্যটকেরা প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির সম্মিলিত অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

উৎসবের বিশেষ আকর্ষণ পূর্ণিমার রাত। ২০২৬-২৭ মৌসুমে ২৩ থেকে ২৫ নভেম্বর, ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২১ থেকে ২৩ জানুয়ারি ও ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পূর্ণিমাকেন্দ্রিক বিশেষ আয়োজন রাখা হয়েছে। এ সময় সাদা মরুভূমির ওপর চাঁদের আলো উপভোগ করতে ধোরদোতে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকেরা।

রণ উৎসব কেবল একটি পর্যটন আয়োজন নয়; এটি কচ্ছের মানুষের জীবনযাত্রা, লোকশিল্প, সংগীত, খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। স্থানীয় শিল্পী, কারিগর, পর্যটন ব্যবসায়ী ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষের জন্যও এ আয়োজনের রয়েছে বিশেষ তাৎপর্য।

প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যের সঙ্গে মানুষের সৃজনশীলতা ও ঐতিহ্যের এমন মেলবন্ধন গুজরাটের পর্যটন মানচিত্রে কচ্ছকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। সাদা মরুভূমির নীরবতায় যখন ভেসে আসে লোকসংগীতের সুর, তখন রণ উৎসব হয়ে ওঠে প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা