মেডিক্যাল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৩৫ পিএম
প্রতীকী ছবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর প্রস্তুতির মধ্যে বাংলাদেশে ৫১টি অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। এসব কেন্দ্রে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
আজ শুক্রবার এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে কেন্দ্রগুলোর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া চালুর প্রস্তুতির অংশ হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের আগে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর মধ্যে রয়েছে মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার; ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ; পুরানা পল্টনের ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার, এ এফ মেডিক্যাল সেন্টার ও স্টার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক; নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব ও প্রাইম ডায়াগনস্টিক এবং বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার। এ ছাড়া বনশ্রীর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রামপুরার লিডিং হেলথ চেকআপ লিমিটেড ও ডায়নামিক ল্যাব, পশ্চিম রামপুরার ডেল্টা হেলথ কেয়ার, বনানীর গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার ও সারা হেলথ কেয়ার, কাকলীর পুষ্প ক্লিনিক, চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার এবং প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তালিকায়। উত্তরার দক্ষিণখানে জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস, সেক্টর-৪-এ মাইল্যাব মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরে আইচি হাসপাতাল এবং গাজীপুরে শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল সেন্টারেও স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। ধানমন্ডির গ্রিন রোডে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্টের মানিকদীতে ইশতিয়াক মেডিক্যাল সেন্টার, মাটিকাটায় মেডিপ্যাথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কাফরুলে স্মার্ট মেডিক্যাল সেন্টার রয়েছে। নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, এভারগ্রিন মেডিক্যাল সেন্টার ও ওয়ার্ল্ড হরাইজন মেডিক্যাল সার্ভিসেসও অনুমোদিত কেন্দ্রের তালিকায় রয়েছে। অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে নয়াপল্টনের হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিক্যাল সেন্টার, উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড, মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, ক্যান্টনমেন্টের মানিকদীতে ট্রু হেলথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পুরানা পল্টনের আনাস মেডিক্যাল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, নয়াপল্টনের ওয়ান প্লাস মেডিক্যাল সেন্টার, ডিআইটি অ্যাভিনিউয়ের ভিটা হেলথ মেডিক্যাল, বিজয়নগরের কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার, ফকিরাপুলের মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, পশ্চিম রামপুরার পিওর হেলথ মেডিকেল সেন্টার এবং চেয়ারম্যান বাড়ির সানমুন মেডিক্যাল সেন্টার। এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো সংশ্লিষ্ট স্থানীয় সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রয়োজনীয় অডিট প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে এসব প্রতিষ্ঠান।
মেডিক্যাল ফি ৮ হাজার টাকা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এর বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সভায় ৬২টি রিক্রুটিং এজেন্সির পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ ফজলুল ইসলাম ইয়াসিন। তিনি মেডিকেল অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) জন্য যৌক্তিক প্রসেসিং ফি নির্ধারণের আহ্বান জানান।