আমিনুল ইসলাম, আবুধাবি (ইউএই) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম
প্রতীকী ছবি।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি দপ্তরে জাল সনদ, ভুয়া তথ্য কিংবা অসত্য নথিপত্র জমা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর ২০ হাজার দিরহাম জরিমানা আরোপ করা হচ্ছে। নথিপত্র যাচাইয়ে ডিজিটাল স্ক্যানিংসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জালিয়াতি শনাক্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে প্রবাসী কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক জরিমানার বিবরণে দেখা গেছে, মন্ত্রণালয়ে ভুল বা অসত্য তথ্য ও নথিপত্র জমা দেওয়ার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর ২০ হাজার দিরহাম জরিমানা আরোপ করা হয়েছে। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, ভুয়া ইকুইভ্যালেন্সি সনদ এবং পরিবর্তিত বা জাল নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নজরদারি করা হচ্ছে।
এ পরিস্থিতিতে ইউএইতে বসবাসরত প্রবাসী কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। চাকরি কিংবা অন্যান্য প্রশাসনিক কাজে কোনোভাবেই জাল শিক্ষাগত সনদ, ভুয়া ইকুইভ্যালেন্সি বা পরিবর্তিত সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয়ে (এমওএইচআরই) জমা দেওয়া প্রতিটি তথ্য ও নথির সত্যতা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া টাইপিং সেন্টার বা এজেন্টের মাধ্যমে কোনো আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি জাল সনদ বা ভুল তথ্য জমা দেওয়ার কারণে শুধু সংশ্লিষ্ট কর্মীই নন, পুরো প্রতিষ্ঠানও আর্থিক ও আইনি জটিলতায় পড়তে পারে। এমনকি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও লাইসেন্সও ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
তাই সাময়িক সুবিধার জন্য জাল নথিপত্র ব্যবহার না করে ইউএইর প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র ব্যবহারের মাধ্যমে নিজেদের পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষায় সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।