× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ বছর পর ফিরছে আহমেদাবাদের ভদ্র ফেস্টিভ্যাল

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:০৮ পিএম

১২ বছর পর ফিরছে আহমেদাবাদের ভদ্র ফেস্টিভ্যাল

দীর্ঘ ১২ বছর পর আবারও সাংস্কৃতিক উৎসবে মুখর হতে যাচ্ছে ভারতের গুজরাটের ঐতিহাসিক শহর আহমেদাবাদ। আগামী ১৯ নভেম্বর শহরের ঐতিহ্যবাহী ভদ্র দুর্গ ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত হবে ‘ভদ্র ফেস্টিভ্যাল ২০২৬’। ২০১৪ সালে প্রথমবার আয়োজিত এ উৎসবের প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ইউনেস্কো স্বীকৃত আহমেদাবাদের ঐতিহাসিক নগরাঞ্চলের স্থাপত্য, শিল্প, সংস্কৃতি ও লোকঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ক্রাফট অব আর্টের উদ্যোগে এবং আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের শতাধিক শিল্পী অংশ নেবেন। ভদ্র দুর্গ, প্রেমাভাই হলসংলগ্ন এলাকা ও ভদ্র প্লাজাজুড়ে বিকাল ৪টা থেকে শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিন দরওয়াজায় অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে গুজরাটের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলের শিল্পরূপ। নাথুলাল সোলাঙ্কি ও তার দলের নাগাড়া বাদন, বিজানন্দ তুরির রাবণহাথা পরিবেশনা, সিদ্ধি গোমা ডান্স গ্রুপের সিদ্ধি ধামাল এবং মহারাষ্ট্রের ইনক্রেডিবল মল্লখম্ব দলের শারীরিক কসরতভিত্তিক পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরবে ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। এ ছাড়া নিসর্গ ত্রিবেদী ও তার দলের পরিবেশনায় থাকবে নাট্যসংগীত।  

নাট্যকলা ও গল্প বলার ধারাতেও থাকছে বিশেষ আয়োজন। দাদি পুদুমজির ইশারা পাপেট থিয়েটারের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশালাকৃতির পুতুলের শোভাযাত্রা। ২০ থেকে ২৫ ফুট উচ্চতার সাতটি পুতুল চরিত্র এ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এ ছাড়া ‘দাস্তান-এ-দরওয়াজা’ এবং গুজরাটের ঐতিহ্যবাহী গল্প বলার পরিবেশনা ‘ভদ্রাখ্যান’ উৎসবে যোগ করবে ভিন্ন মাত্রা।

শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, আহমেদাবাদের ইতিহাস ও স্থাপত্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেও থাকছে নানা আয়োজন। ভদ্র দুর্গের ইতিহাস নিয়ে পুরোনো আলোকচিত্র প্রদর্শনী, গুজরাটি নাট্যজগতের ইতিহাসভিত্তিক ‘রং স্মৃতি: দ্য লিভিং আর্কাইভস অব গুজরাটি থিয়েটার’ এবং ‘ভদ্র আনপোজড’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভদ্র দুর্গের দেয়ালে প্রজেকশন ম্যাপিং এবং মাতার নি পছেড়ি শিল্পধারা থেকে অনুপ্রাণিত বিশেষ দৃশ্যশিল্প প্রদর্শিত হবে।

তিন দরওয়াজার বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেবেন উস্তাদ ফজল কুরেশি ও তার সহযোগী শিল্পীরা। তবলা, স্যাক্সোফোন, বেস গিটার, ড্রামস ও কিবোর্ডের সমন্বয়ে পরিবেশনার পর মঞ্চে উঠবেন বিশিষ্ট সেতারবাদক উস্তাদ শুজাত খান। তবলায় তার সঙ্গে থাকবেন অমিত চৌবে ও সপন আঞ্জারিয়া। পুরো আয়োজন সঞ্চালনা করবেন অভিনেতা মানব গোয়েল।

উৎসবের আয়োজক সংস্থা ক্রাফট অব আর্টের প্রতিষ্ঠাতা ও আর্টিস্টিক ডিরেক্টর বিরওয়া কুরেশি বলেন, ১২ বছর পর ঐতিহাসিক ভদ্র এলাকায় ফিরে আসা তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ আয়োজনের মাধ্যমে শহরের স্থাপত্য, সংগীত, নাট্যচর্চা, লোকপরম্পরা ও দৈনন্দিন সাংস্কৃতিক জীবনকে একই পরিসরে তুলে ধরতে চান তারা।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বরের মূল উৎসবের পর ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়াটার হেরিটেজ সিরিজ’। আহমেদাবাদের তিনটি ঐতিহাসিক সোপানকূপ—জেঠাভাইনি ভাও, অমৃতবর্ষিণী ভাও ও দাদাহরির ভাওয়ে সংগীত, কবিতা ও নৃত্যের বিশেষ পরিবেশনা হবে। এর মধ্য দিয়ে ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেবল দর্শনীয় স্থান হিসেবে নয়, বরং জীবন্ত সাংস্কৃতিক মঞ্চ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

আহমেদাবাদের ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে সংগীত, নৃত্য, নাটক ও লোকশিল্পের এমন মেলবন্ধন শহরটির সাংস্কৃতিক পর্যটনেও নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা