এম. মেহেদুল খাঁন, রিয়াদ (সৌদি আরব) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫৫ পিএম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
আগামী ৭ নভেম্বর দূতাবাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রীয় বাণী পাঠ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্য এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
এ উপলক্ষে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
প্রবাসের মাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।