এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৩৬ পিএম
যুক্তরাজ্যে কর্মরত হাজার হাজার বিদেশি কেয়ার ও হেলথ ওয়ার্কারদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
সোমবার (২ নভেম্বর) হাউস অব কমন্সে অভিবাসন নীতির পরিবর্তন নিয়ে দেওয়া বক্তব্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার নতুন নিয়ম তুলে ধরেন তিনি।
নতুন সিদ্ধান্তের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কেয়ার ওয়ার্কারদের জন্য আগে প্রস্তাবিত ১৫ বছরের অপেক্ষার সময়সীমা থেকে সরে এসেছে সরকার। নির্দিষ্ট শর্ত পূরণকারী পুরোনো কেয়ার ওয়ার্কাররা পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাস ও কাজের পর স্থায়ীভাবে বসবাসের আবেদনের সুযোগ বহাল রাখতে পারবেন।
অন্যদিকে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএসে কর্মরত চিকিৎসক, নার্সসহ নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্যও পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদনের সুযোগ বহাল রাখা হয়েছে। এ সিদ্ধান্ত যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কেয়ার অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট ওয়ার্কার এবং হেলথ ওয়ার্কারদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
তবে কেবল কেয়ার ওয়ার্কার হিসেবে পাঁচ বছর কাজ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। আবেদনকারীর ভিসার ধরন, যুক্তরাজ্যে আসার সময়, চাকরির ইতিহাস, বার্ষিক আয় এবং চূড়ান্ত অভিবাসন বিধিমালায় নির্ধারিত অন্যান্য শর্তের ভিত্তিতে যোগ্যতা বিবেচনা করা হবে।
বিশেষ করে ২০২৫ সালের মে মাসের আগে ও পরে যুক্তরাজ্যে আসা কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে নিয়মের পার্থক্য থাকতে পারে। নির্দিষ্ট শর্ত পূরণকারী পুরোনো কেয়ার ওয়ার্কারদের পাঁচ বছরের পথ বহাল থাকলেও ২০২৫ সালের মে মাসের পর যুক্তরাজ্যে যোগ দেওয়া কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে সাধারণত ১০ বছরের স্থায়ী বসবাসের নিয়ম প্রযোজ্য হতে পারে। পুরোনো পাঁচ বছরের পথের ক্ষেত্রে কেয়ার ওয়ার্কারদের বার্ষিক ন্যূনতম ২৫ হাজার পাউন্ড আয়ের শর্তও গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, নতুন অভিবাসন নীতির বিধান ২০২৭ সালে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।