সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৫০ পিএম
সুইজারল্যান্ডের আর্গাউ ক্যান্টনের স্টেইন এলাকায় রাইন নদীর তীর থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সুইস সংবাদমাধ্যম ব্লু নিউজ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি নিহতের সঙ্গে একই আশ্রয়কেন্দ্রের একই কক্ষে বসবাস করতেন।
পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তি ৩৩ বছর বয়সী বুরুন্ডির নাগরিক। গত ২৪ অক্টোবর তাকে নিখোঁজ হিসেবে নথিভুক্ত করা হয়। পরদিন তার পরিচিত ব্যক্তিরা রাইন নদীর তীরবর্তী এলাকায় মানুষের দেহাবশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
আর্গাউ ক্যান্টন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ব্যক্তির দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে আবর্জনার ব্যাগে ভরে রাইন নদী ও নদীতীরবর্তী এলাকায় ফেলে রাখা হয়েছিল। পরে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার করা দেহাবশেষ নিখোঁজ ওই ব্যক্তির বলে শনাক্ত করা হয়।
তদন্তকারীরা জানান, অপরাধের ধরন এবং আশ্রয়কেন্দ্রের কয়েকজন বাসিন্দার আচরণ তাদের সন্দেহের জন্ম দেয়। পরে আশ্রয়কেন্দ্র ও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জব্দ করা আলামত বিশ্লেষণের পর বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্দেহ জোরালো হয়। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
রাইনফেলডেন-লাউফেনবুর্গ জেলা অ্যাটর্নি কার্যালয় হত্যার অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে বিচার-পূর্ব আটক রাখার আবেদন জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও ঘটনার পূর্ণ বিবরণ এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের প্রমাণ পাননি।
এদিকে তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব সমস্যার সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী, আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক নির্দোষ বলে গণ্য হবেন।