অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম
শারীরিক সুস্থতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে ‘ফিট ইন্ডিয়া-সানডেজ অন সাইকেল’ কর্মসূচির ৯৭তম পর্ব।
রবিবার (১ নভেম্বর) আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচিতে ৫০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করেন।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার গান্ধীনগর আঞ্চলিক কেন্দ্র, ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও মাই ভারত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) ক্যাডেট, বিভিন্ন বাহিনীর সদস্য, সাইক্লিংপ্রেমী ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।
জুম্বা সেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য সাইক্লিংসহ বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দাবা, ব্যাডমিন্টন, ভলিবল ও লুডোর পাশাপাশি বিশেষ ‘ফিট ইন্ডিয়া গেমস জোনে’ ঐতিহ্যবাহী ভারতীয় খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান উপস্থিত ব্যক্তিরা।
আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা। এ জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পুনর্ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ‘ফিট ইন্ডিয়া-সানডেজ অন সাইকেল’ ভারতের নাগরিকদের সাইক্লিং ও নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করার একটি উদ্যোগ। আহমেদাবাদের এ আয়োজনের মধ্য দিয়ে সুস্থ শরীর, পরিচ্ছন্ন পরিবেশ ও সামাজিক ঐক্য গঠনে সম্মিলিত নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।