সোহেল আহমেদ বাপ্পী, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:২৫ পিএম
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতে অপর্যাপ্ত বরাদ্দ এবং শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে। শ্রমিক ও শিক্ষার্থী সংগঠন এবং ‘ইয়েলো ভেস্ট’ (গিলে জোন) আন্দোলনের সমন্বয়কারীদের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশজুড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ। তাদের হিসাবে শুধু প্যারিসেই বিক্ষোভে অংশ নেন ২ লাখ মানুষ। যদিও পুলিশ প্রিফেকচারের হিসাবে রাজধানীতে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৭০ হাজার।
আগের দুই সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। সরকারি হিসাবে, গত ১৭ অক্টোবরের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৫ লাখ ৫০ হাজার এবং ২৪ অক্টোবর ৪ লাখ ১০ হাজার মানুষ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত দেশজুড়ে ৬৫টি কর্মসূচিতে অংশ নেন ১৫ হাজার মানুষ। গত শনিবার একই সময়ে এ সংখ্যা ছিল ৩৭ হাজার। বোর্দোতে ১১ হাজারের বেশি, স্ট্রাসবুর্গে ৪ হাজার এবং ক্লেরমঁ-ফেরঁ ও পো শহরে প্রায় ২ হাজার করে মানুষ মিছিলে অংশ নেন।
৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন
গত ১৭ অক্টোবরের বিক্ষোভে লুটপাট, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সরকার। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭০ হাজার সদস্য মোতায়েন করা হয়। প্যারিসে ৪০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। রাজধানীর কয়েকটি এলাকায় রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
প্যারিসে আয়োজকেরা বাস্তিল থেকে নাসিয়ঁ পর্যন্ত মিছিলের অনুমতি চাইলেও পুলিশ প্রিফেকচার তা নিষিদ্ধ করে। গত শুক্রবার রাতে প্রশাসনিক আদালত নিষেধাজ্ঞা তুলে নিলেও শনিবার সকালে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কনসেই দেতা সেই সিদ্ধান্ত বাতিল করেন। ফলে পোর্ত দ্য বাগনোলে থেকে পোর্ত দ্য শারঁতো পর্যন্ত বিকল্প পথে মিছিল অনুষ্ঠিত হয়।
সিজিটি প্যারিস ‘বাধ্য হয়ে, ভারাক্রান্ত মনে’ বিকল্প পথ মেনে নেওয়ার কথা জানায়। শিক্ষার্থী ফেডারেশন ফাজ একে ‘মিছিলের অধিকারের ওপর নতুন বাধা’ বলে নিন্দা করে। তবে কনসেই দেতার বক্তব্য, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিকল্প পথ নির্ধারণ প্রয়োজনীয় ও যুক্তিসংগত ছিল।
জান্দারমেরির সদস্যকে লক্ষ্য করে মলোটভ ককটেল
প্যারিসের মিছিল দিনের বেশির ভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও বিকালে শেষ গন্তব্য পোর্ত দ্য শারঁতোতে পরিস্থিতির অবনতি ঘটে। মুখোশধারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। এ সময় হাতুড়ি দিয়ে রাস্তার পাথর তুলে ছোড়া এবং অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপের ঘটনাও ঘটে।
সন্ধ্যায় জান্দারমেরির এক সদস্যকে লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করা হলে তার পোশাকে আগুন ধরে যায়। কয়েকটি গণমাধ্যমের ভিডিওভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন তার এক সহকর্মীর গায়েও লাগে। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, আক্রান্ত সদস্য সামান্য আহত হয়েছেন এবং দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। তার ইউনিটের এক ডজনের বেশি সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বিক্ষোভের অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানালেও মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছেন। সহিংসতায় জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ডকে তিনি ‘অভূতপূর্ব সহিংসতা’ বলেও বর্ণনা করেন।
বোর্দোতে পাথর ও অগ্নিসংযোগকারী বস্তু নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। তুলুজ ও লিয়ঁতেও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। মার্সেই, রেন ও নান্ত শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৬টায় এ সংখ্যা দাঁড়ায় ২৯৬, সন্ধ্যা সাড়ে ৭টায় ৪২২ এবং রাত ৯টা পর্যন্ত বেড়ে হয় ৫৬৫। বোর্দোর প্রিফেকচার জানিয়েছে, শহরটিতে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে বিভক্ত প্রতিক্রিয়া
বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গেছে। ডানপন্থী নেতা মারিন লে পেন ও ব্রুনো রেতাইও হামলার ঘটনাকে ‘অসহনীয়’ বলে নিন্দা জানিয়েছেন। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত এই দুই নেতা ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রেতাইও ঘটনাটিকে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেন।
অন্যদিকে বামপন্থী দল লা ফ্রঁস অঁসুমিজের নেতা জঁ-লুক মেলঁশঁ রিমা হাসান, টমাস পোর্ত ও মানঁ ওব্রিসহ দলীয় প্রতিনিধিদের নিয়ে প্যারিসের মিছিলে অংশ নেন।
লেজ্যেকলজিস্ত দলের জাতীয় সম্পাদক মারিন তন্দেলিয়ে লিল শহরের মিছিল শেষে আন্দোলনকে আগামী ৫ নভেম্বরের সাধারণ ধর্মঘটের ‘শেষ প্রস্তুতি’ বলে অভিহিত করেন। তার অভিযোগ, শিক্ষার্থীদের দাবির জবাব দিতে সরকার দেড় মাস দেরি করেছে এবং গত এক দশক ধরে জনগণকে ‘ধোঁকা’ দিয়ে আসছে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজপথের আন্দোলনকে নির্বাচনী সমর্থনে রূপান্তর করা জরুরি।
৫ নভেম্বরের ধর্মঘট ঘিরে নতুন কর্মসূচি
আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থী সংগঠনগুলো। আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন অবরোধ কর্মসূচির পাশাপাশি ৫ নভেম্বর শ্রমিকদের ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
ইউনিয়ঁ এতুদিয়ঁতের মুখপাত্র সাব্রিনা খারবাখ বলেছেন, পরবর্তী কর্মসূচিতে আরও বেশি শিক্ষার্থী অংশ নেবেন। উনেফের মহাসচিব মানঁ মোরের অভিযোগ, সরকার এখনো তরুণদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি।
এদিকে ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে, গত ১৭ অক্টোবরের সহিংসতায় দেশজুড়ে প্রায় ২ হাজার ৫০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে প্রায় ৬০০টি দোকান এখনো চালু করা সম্ভব হয়নি।
জীবনযাত্রার ব্যয়, শিক্ষা খাতে বরাদ্দ ও পুলিশের ভূমিকা নিয়ে শুরু হওয়া আন্দোলন ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন চাপ তৈরি করেছে। আগামী ৫ নভেম্বরের সাধারণ ধর্মঘট এবং শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।