× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইজারল্যান্ডে সাইবার হামলায় ফাঁস ৪০ হাজার শিক্ষার্থী-শিক্ষকের তথ্য

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:০২ পিএম

সুইজারল্যান্ডে সাইবার হামলায় ফাঁস ৪০ হাজার শিক্ষার্থী-শিক্ষকের তথ্য

সুইজারল্যান্ডের ভদ (Vaud) ক্যান্টনের মাধ্যমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি আইটি সহায়তা প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনায় প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ও শিক্ষকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, একাডেমিক রেকর্ড কিংবা অন্য কোনো সংবেদনশীল শিক্ষাসংক্রান্ত তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি।

ক্যান্টনের শিক্ষা বিভাগ জানায়, জিমনেসিয়াম ও ভোকেশনাল স্কুলগুলোতে ব্যবহৃত আইটি সহায়তা প্ল্যাটফর্মে গত ২৬ অক্টোবর অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়। বিষয়টি জানার পরপরই প্ল্যাটফর্মটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় সিস্টেমটি সুরক্ষিত করা হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারীরা প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী ও সাড়ে তিন হাজার শিক্ষকের নাম, পদবি, স্কুলের ই-মেইল ঠিকানা এবং আইটি সহায়তা চেয়ে পাঠানো বিভিন্ন অনুরোধের তথ্য কপি করেছে। তবে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষিত না থাকায় সেগুলো চুরি হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্য, চুরি হওয়া তথ্যের মধ্যে শিক্ষার্থীদের ফলাফল, নম্বরপত্র কিংবা ব্যক্তিগত শিক্ষা রেকর্ড নেই। ফলে শিক্ষা কার্যক্রম বা একাডেমিক ডেটাবেইস সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে তথ্য ফাঁসের ঘটনায় নতুন ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এসব তথ্য ব্যবহার করে প্রতারকচক্র স্কুল বা আইটি বিভাগের পরিচয়ে লক্ষ্যভিত্তিক ফিশিং ই-মেইল পাঠাতে পারে। এ কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের সন্দেহজনক বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করা এবং অস্বাভাবিক বা জরুরি বার্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাটি সুইস ফেডারেল অফিস ফর সাইবার সিকিউরিটি এবং ক্যান্টনের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রক্রিয়াও চলছে।

সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডে একের পর এক সাইবার হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে দেশটির ফেডারেল পেনশন তহবিল ‘পাবলিকা’র আইটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং জনপ্রিয় অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ‘রিকার্ডো’ সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছিল।

সুইস সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এসেছে। তথ্য সুরক্ষা, নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতির ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।

কারা এ হামলার পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, আর্থিক লাভের উদ্দেশ্যে তথ্য চুরি করা হয়ে থাকতে পারে। কারণ, এ ধরনের ব্যক্তিগত তথ্যের ডেটাবেইস প্রতারণা, ব্ল্যাকমেইল ও বিভিন্ন ধরনের অনলাইন জালিয়াতির কাজে ব্যবহার করা সম্ভব। তবে কিছু বিশ্লেষক রাজনৈতিক উদ্দেশ্যের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের অনাস্থা তৈরি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেও এ ধরনের হামলা চালানো হতে পারে।

ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের জানানো হবে বলে জানিয়েছে ভদ ক্যান্টনের শিক্ষা বিভাগ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা