× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীপাবলির আলোয় সাজছে গুজরাট

অভ্র বড়ুয়া, গুজরাট, ভারত প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:১৯ পিএম

দীপাবলির আলোয় সাজছে গুজরাট

আলোর উৎসব দীপাবলিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে ভারতের গুজরাটের অন্যতম প্রধান শহর আহমেদাবাদ। বাজার থেকে বিপণিবিতান, ঐতিহ্যবাহী পোল এলাকার অলিগলি থেকে সাবরমতী নদীর সেতু—সবখানেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। প্রদীপ, রঙিন আলোকসজ্জা, রঙ্গোলি, মিষ্টি ও উপহারের কেনাকাটাকে কেন্দ্র করে ধীরে ধীরে উৎসবমুখর হয়ে উঠছে শহর।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ৮ নভেম্বর পালিত হবে দীপাবলি। এর আগে ৬ নভেম্বর ধনতেরাস এবং ৭ নভেম্বর কালী চৌদস উপলক্ষে কেনাকাটা ও ধর্মীয় আয়োজন ঘিরে বাড়বে শহরের ব্যস্ততা। এরপর ১০ নভেম্বর পালিত হবে গুজরাটি নববর্ষ, যা স্থানীয়ভাবে ‘বেস্তু বর্ষ’ নামে পরিচিত। ১১ নভেম্বর ভাইবিজ উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের বিশেষ পর্ব।

এবারের দীপাবলিতে আহমেদাবাদের আলোকসজ্জায় থাকছে পরিবর্তন। বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে শহরের বিশেষ আলোকসজ্জার পরিসর কমানোর সিদ্ধান্ত নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন। পুরসভার পরিকল্পনা অনুযায়ী, এবার সাতটি স্থানে বিশেষ আলোকসজ্জা করা হবে। এর মধ্যে রয়েছে ভদ্রকালী মন্দির ও সাবরমতী নদীর ওপর ছয়টি সেতু।

আগের বছরগুলোতে শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, ট্রাফিক সার্কেল, আন্ডারপাস ও সরকারি ভবনেও বিশেষ আলোকসজ্জা করা হতো। এবার সেই আয়োজন সীমিত রাখা হচ্ছে। আলোকসজ্জা চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত। এ খাতে এবার পুরসভার সম্ভাব্য ব্যয় প্রায় ৭ লাখ টাকা। গত বছর এ খাতে ব্যয় হয়েছিল প্রায় ৯২ লাখ টাকা।

দীপাবলি উপলক্ষে আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকার আহমেদাবাদ হাটে শুরু হয়েছে ‘দীপাবলি হস্তকলা হাট’। গত ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এতে রয়েছে ৭৫টি স্টল। বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও উৎসবের সাজসজ্জার সামগ্রী প্রদর্শন ও বিক্রি হচ্ছে এসব স্টলে।

অন্যদিকে, মানেক চক, তিন দরওয়াজা, রতনপোল ও ল গার্ডেনের মতো পরিচিত বাজারগুলোতেও দীপাবলির কেনাকাটা ঘিরে বাড়বে ক্রেতাদের ভিড়। পোশাক, গয়না, মাটির প্রদীপ, রঙ্গোলির রং, মিষ্টি ও উপহারের সামগ্রী কিনতে এসব বাজারে সমাগম ঘটবে মানুষের।

দীপাবলি উপলক্ষে আহমেদাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজন করছে ‘AMAzing Diwali Carnival 2026’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এতে ব্যক্তিত্ব বিকাশ, জাপানি ক্যালিগ্রাফি, অরিগামি ও কিরিগামির মতো সৃজনশীল কর্মশালার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম থাকছে।

উৎসবের আগে শহরের চলমান সড়ক সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলোতে বাজার ও জনবহুল এলাকায় মানুষের বাড়তি সমাগমের কথা মাথায় রেখে নাগরিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আহমেদাবাদের দীপাবলি শুধু আলোর উৎসবেই সীমাবদ্ধ নয়; গুজরাটের ব্যবসায়িক ও সামাজিক সংস্কৃতির সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। দীপাবলির সন্ধ্যায় লক্ষ্মীপূজার পাশাপাশি ব্যবসায়ীরা ‘চোপড়া পূজন’-এর মাধ্যমে নতুন হিসাবের খাতা ও ব্যবসায়িক বছরের সূচনা করেন। পরবর্তী সময়ে বেস্তু বর্ষ বা গুজরাটি নববর্ষে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের রীতি রয়েছে।

সব মিলিয়ে দীপাবলিকে ঘিরে আহমেদাবাদে চলছে নানা প্রস্তুতি। কোথাও ঐতিহ্যবাহী হস্তশিল্পের মেলা, কোথাও জমজমাট কেনাকাটা, আবার কোথাও পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা। বিশেষ আলোকসজ্জার পরিসর কমলেও ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আমেজে নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন সাজে সেজে উঠবে গুজরাটের আহমেদাবাদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা