× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় একতা দিবস উদযাপন

অভ্র বড়ুয়া, গুজরাট, ভারত প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৭:২৬ পিএম

গুজরাটের নর্মদা জেলার একতা নগরে অবস্থিত বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অব ইউনিটি’। ছবি : সংগৃহীত

গুজরাটের নর্মদা জেলার একতা নগরে অবস্থিত বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অব ইউনিটি’। ছবি : সংগৃহীত

ভারতের জাতীয় ঐক্য ও সংহতির বার্তা নিয়ে গুজরাটসহ দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। 

শনিবার (৩১ অক্টোবর) স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের কেন্দ্রীয় আয়োজনের মূল অনুষ্ঠানটি হচ্ছে গুজরাটের নর্মদা জেলার একতা নগরে অবস্থিত বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অব ইউনিটি’ প্রাঙ্গণে।

দিবসটি উপলক্ষে একতা নগরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য একতা প্যারেড, সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ প্রদর্শনী এবং বিভিন্ন রাজ্যের ঐতিহ্য তুলে ধরার নানা কর্মসূচি। একতা প্যারেডে অংশ নিচ্ছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবিসহ বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের সদস্যরা। এ ছাড়া থাকছে উটবাহিনী, অশ্বারোহী দল, মোটরসাইকেল স্টান্ট প্রদর্শনী ও বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ট্যাবলো।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল ভাবনা ‘বন্দে মাতরম’। ন্যাশনাল স্কুল অব ড্রামার পরিবেশনায় নকশাল-প্রভাবিত ১২৬টি জেলার শিল্পীরা লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও ট্যাবলো প্রদর্শন করবেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের হাতে নকশা করা ট্যাবলো এবং ‘রান ফর ইউনিটি’ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

এবারের উদযাপনের অংশ হিসেবে ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বর্ণাঢ্য আয়োজন। এতে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, আঞ্চলিক খাবার ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হচ্ছে। এ ছাড়া ‘একতা প্রকাশ পর্ব’-এর আওতায় বিশেষ আলোকসজ্জা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয় একতা দিবসের সঙ্গে গুজরাটের সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের নদীয়াদে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার পর ভারতের দেশীয় রাজ্যগুলোকে একীভূত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৮ সালে নর্মদা নদীর তীরে নির্মাণ করা হয় ১৮২ মিটার উচ্চতার স্ট্যাচু অব ইউনিটি। বর্তমানে এটি ভারতের জাতীয় ঐক্যের প্রতীক হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণ।

এ উপলক্ষে একতা নগরে আয়োজিত কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। এ ছাড়া দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে রান ফর ইউনিটি, জাতীয় ঐক্যের শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সর্দার বল্লভভাই প্যাটেলের ঐতিহাসিক অবদান স্মরণের মধ্য দিয়ে রাষ্ট্রীয় একতা দিবস ভারতের বহুত্ববাদী সংস্কৃতি, জাতীয় সংহতি ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা