× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইজারল্যান্ডে ফিরছে স্ট্যান্ডার্ড টাইম

সহিদুল আলম স্বপন, জেনেভা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম

সুইজারল্যান্ডে ফিরছে স্ট্যান্ডার্ড টাইম

সুইজারল্যান্ড এবং ইউরোপের অধিকাংশ দেশে আগামী রোববার ভোর ৩টা থেকে আবারও স্ট্যান্ডার্ড টাইম কার্যকর হবে। এ উপলক্ষে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে, ফলে শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে মানুষ অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন।

ইউরোপে প্রথমবারের মতো ১৯৭৩ সালের তেল সংকটের প্রেক্ষাপটে ডে-লাইট সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল দিনের আলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করা। সুইজারল্যান্ড ১৯৮১ সালে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এ ব্যবস্থা গ্রহণ করে।

সুইস ফেডারেল ইনস্টিটিউট অব মেট্রোলজি (মেটাস) জানিয়েছে, সাধারণভাবে ব্যবহৃত “উইন্টার টাইম” শব্দটি প্রকৃতপক্ষে সঠিক নয়। তাদের মতে, কেবল “সামার টাইম” এবং “স্ট্যান্ডার্ড টাইম” নামই প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য।

স্ট্যান্ডার্ড টাইম চালু হলে সন্ধ্যায় আগের তুলনায় দ্রুত অন্ধকার নেমে আসবে। আগামী বছর মার্চ মাসের শেষ রোববার পর্যন্ত এই সময় বহাল থাকবে। ২৮ মার্চ ২০২৭ সালে ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা এগিয়ে দিয়ে গ্রীষ্মকালীন সময় শুরু করা হবে।

স্থায়ী সামার টাইম নিয়ে বিতর্ক

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, অনেক মানুষ বছরে দুবার সময় পরিবর্তনের এই প্রথার অবসান চান এবং স্থায়ীভাবে সামার টাইম বজায় রাখার পক্ষে মত দেন। তবে সাম্প্রতিক এক গবেষণায় এ নিয়ে সতর্কতা প্রকাশ করা হয়েছে।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক রেমন্ড লামের নেতৃত্বে পরিচালিত এক বিশ্লেষণে বলা হয়, সকালের প্রাকৃতিক আলো মানুষের জৈবিক ঘড়িকে ২৪ ঘণ্টার দৈনিক চক্রের সঙ্গে সমন্বয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে সন্ধ্যার দীর্ঘ আলো জৈবিক ছন্দকে পিছিয়ে দিতে পারে।

গবেষকরা উল্লেখ করেন, যদি সারা বছর সামার টাইম চালু থাকে, তাহলে শীতকালে স্কুল বা কর্মস্থলে যাতায়াত এবং দিনের শুরুতে মানুষকে আরও দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হবে। এতে মৌসুমি বিষণ্নতা বা শীতজনিত অবসাদে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

অন্যান্য দেশের অভিজ্ঞতা

বিশ্লেষণে অন্যান্য দেশের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৭৪ সালের জ্বালানি সংকটের সময় স্থায়ী সামার টাইম চালু করেছিল, কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে তা বাতিল করে। রাশিয়া ২০১১ সালে স্থায়ী সামার টাইম চালু করলেও ২০১৪ সালে তা প্রত্যাহার করে। একইভাবে চিলিও কয়েক বছরের মধ্যে অনুরূপ সিদ্ধান্ত থেকে সরে আসে।

বিশেষজ্ঞদের মতে, সময় পরিবর্তন ব্যবস্থা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও জনস্বাস্থ্য ও মানুষের স্বাভাবিক জৈবিক ছন্দ বিবেচনায় স্ট্যান্ডার্ড টাইম বজায় রাখার পক্ষে এখনও শক্তিশালী বৈজ্ঞানিক যুক্তি রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা