এম. মেহেদুল খাঁন, সৌদি আরব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৭:২০ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ। ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টার্মিনাল ব্যবহারে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ রবিবার থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি, নির্ধারিত টার্মিনাল এবং বুকিংয়ের সর্বশেষ অবস্থা আগে থেকেই নিশ্চিত হয়ে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের আগে থেকেই তথ্য যাচাই করে নির্দিষ্ট টার্মিনালে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।