সহিদুল আলম স্বপন, জেনেভা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:০২ পিএম
প্রতীকী ছবি
নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করতে আগামী ১ নভেম্বর থেকে একগুচ্ছ নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এর আওতায় বিমানযাত্রীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে ব্যক্তিগত তথ্য বিনিময়, পরিচয়পত্র ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষিখাতে রোগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আসছে।
নতুন নিয়ম অনুযায়ী, এয়ারলাইনসগুলোকে তাদের যাত্রীদের বিস্তারিত ভ্রমণসংক্রান্ত তথ্য কেন্দ্রীয় একটি জাতীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সুইস ফেডারেল অফিস অব পুলিশের (ফেডপোল) অধীন ‘প্যাসেঞ্জার ইনফরমেশন ইউনিট’ (পিআইইউ) এসব তথ্য গ্রহণ ও বিশ্লেষণের কাজ করবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী যাত্রীদের নাম, যোগাযোগের তথ্য, ভ্রমণপরিকল্পনাসহ প্রাসঙ্গিক তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। টিকিট বুকিংয়ের আগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হবে যে তাঁদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে। সুইস সরকারের ভাষ্যমতে, সন্ত্রাসবাদ ও আন্তসীমান্ত অপরাধ দমনে এটি একটি কার্যকর পদক্ষেপ।
একই দিনে শেনজেন তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন একটি অধ্যাদেশ কার্যকর হবে। এর মাধ্যমে ‘শেনজেন ইনফরমেশন সিস্টেম’ (এসআইএস)-এর সুইস অংশ এবং ‘সিরিন ব্যুরো’র (SIRENE Bureau) দায়িত্ব আরও সুনির্দিষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার ক্ষেত্রে কীভাবে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, যাচাই ও বিনিময় করা হবে, তা এতে স্পষ্ট করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের মতে, এর ফলে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার হবে এবং শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যকার অপরাধ দমন সমন্বয়ে গতি আসবে।
সুইজারল্যান্ডের পরিচয়পত্র ব্যবস্থাতেও আনা হচ্ছে পরিবর্তন। এখন থেকে প্রচলিত ‘প্রভিশনাল পাসপোর্ট’-এর পরিবর্তে ‘ইমার্জেন্সি পাসপোর্ট’ নাম ব্যবহার করা হবে, যাতে নথিটির উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝা যায়। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রটি চিপযুক্ত ও চিপবিহীন—উভয় সংস্করণে প্রদান করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাসপোর্ট ও চিপযুক্ত পরিচয়পত্রে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নিয়ম হালনাগাদ করা হয়েছে।
পাশাপাশি দেশটির কৃষি ও প্রাণিসম্পদ খাতে পরিবর্তন আসছে। গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ ‘বোভাইন ভাইরাল ডায়রিয়া’ (বিভিডি) নির্মূলে খামারগুলোকে আগের মতো একাধিক স্তরে না রেখে শুধু দুটি শ্রেণিতে বিভক্ত করা হবে—‘বিভিডি-মুক্ত’ এবং ‘বিভিডি-মুক্ত নয়’। দেশটির খাদ্যনিরাপত্তা ও ভেটেরিনারি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সুইজারল্যান্ডের ৯৯ শতাংশের বেশি খামার এই ভাইরাসমুক্ত।
বাংলাদেশি যাত্রীদের ওপর প্রভাব
সুইজারল্যান্ডের এই নতুন নিয়মাবলি কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের লক্ষ্য করে করা হয়নি। তবে দেশটিতে ভ্রমণকারী, শিক্ষার্থী, প্রবাসী কর্মী কিংবা ট্রানজিট নেওয়া বাংলাদেশিদের জন্যও এ নিয়মগুলো প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিমান টিকিট বুকিংয়ের সময় পাসপোর্টের সঙ্গে মিলিয়ে নাম, জন্মতারিখসহ সব তথ্য সঠিকভাবে দেওয়া জরুরি। টিকিটের তথ্যের সঙ্গে নথিপত্রের তথ্যে গরমিল থাকলে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হতে পারে। এ ছাড়া শেনজেন দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান আরও সমন্বিত হওয়ায় যাত্রীদের সব সময় বৈধ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় সহায়ক কাগজপত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সুইজারল্যান্ড হয়ে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিলেও এই তথ্য সংগ্রহের আওতায় পড়তে হতে পারে।
সামগ্রিকভাবে, নতুন এই বিধিমালার কারণে সাধারণ বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর বাড়তি কোনো নিষেধাজ্ঞা আসছে না। তবে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া থেকে বিরত থাকা, সঠিক নথিপত্র বহন করা এবং ভ্রমণবিধি যথাযথভাবে অনুসরণের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে।