সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৬:৩২ পিএম
প্রতীকী ছবি
বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ সুইজারল্যান্ডে ক্রমেই বাড়ছে চিকিৎসকের সংকট। উন্নত হাসপাতাল, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও বিপুল স্বাস্থ্য ব্যয় থাকা সত্ত্বেও দেশটির স্বাস্থ্যব্যবস্থা পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। চিকিৎসকদের বড় একটি অংশের বয়স ৬০ বছরের বেশি হওয়ায় আগামী বছরগুলোতে এ সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা, ভাষাগত দক্ষতা ও প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের জন্য ইউরোপের স্বাস্থ্যখাতে কাজের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সুইজারল্যান্ডে বর্তমানে ৪৪ হাজার ৬১২ জন চিকিৎসক কর্মরত। আগের বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৫ শতাংশ বেশি হলেও স্বাস্থ্যখাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে তা যথেষ্ট নয়। আরও উদ্বেগের বিষয় হলো, কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশের বয়স ৬০ বছরের বেশি এবং তাদের গড় বয়স প্রায় ৫০ বছর। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসক অবসরে যাবেন, যা স্বাস্থ্যব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
সুইজারল্যান্ডের স্বাস্থ্যখাতে বিদেশি চিকিৎসকদের ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্য। বর্তমানে দেশটির চিকিৎসকদের প্রায় ৪৩ শতাংশ বিদেশে চিকিৎসাশিক্ষা সম্পন্ন করেছেন। বিশেষজ্ঞদের মতে, বিদেশে শিক্ষাপ্রাপ্ত চিকিৎসকদের এ উচ্চ হার সুইজারল্যান্ডের নিজস্ব চিকিৎসক তৈরির সক্ষমতার সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরে।
কেন বাড়ছে চিকিৎসক সংকট
এর উত্তর লুকিয়ে আছে সুইজারল্যান্ডের মেডিকেল শিক্ষা ব্যবস্থায়। দীর্ঘদিন ধরেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেলে প্রবেশ এবং প্রথম বর্ষে টিকে থাকার জন্য কঠোর বাছাই পদ্ধতি চালু রয়েছে। ফলে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেও মাঝপথে বাদ পড়ে যায়। অনেকে বিদেশে চলে যায়, আবার অনেকে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়। একই সময়ে জনসংখ্যার আয়ু বৃদ্ধি, দীর্ঘমেয়াদি রোগীর সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার চাহিদা বাড়তে থাকায় চিকিৎসকের ঘাটতি আরও প্রকট হয়ে উঠছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাত। সুইস মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রতি এক হাজার মানুষের জন্য পূর্ণকালীন পারিবারিক চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৯ জন। এর ফলে দেশজুড়ে বহু চিকিৎসাকেন্দ্র নতুন রোগী গ্রহণ করতে পারছে না। অর্থাৎ সংকট কেবল হাসপাতালের নয়, সাধারণ মানুষের নিত্যদিনের চিকিৎসা সেবার ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলছে।
বাংলাদেশের জন্য কী সম্ভাবনা
সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর চাহিদা বাংলাদেশের জন্য সম্ভাবনার একটি ক্ষেত্র তৈরি করেছে। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে শতাধিক মেডিকেল কলেজ রয়েছে। প্রতিবছর এসব প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক চিকিৎসক স্নাতক হচ্ছেন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং ইউরোপের চিকিৎসক নিবন্ধন ও লাইসেন্সিংয়ের শর্ত পূরণের প্রস্তুতি নিশ্চিত করা গেলে বাংলাদেশের চিকিৎসকদের জন্য সুইজারল্যান্ডসহ ইউরোপের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনেক উন্নত দেশ ইতোমধ্যে দক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য বৈশ্বিক প্রতিযোগিতায় নেমেছে। জার্মানি, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বিদেশি চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন নীতি গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান ঘাটতি সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল গ্রহণ করে, তাহলে চিকিৎসক রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়, আন্তর্জাতিক দক্ষতা অর্জন এবং স্বাস্থ্যখাতে বৈশ্বিক উপস্থিতি বাড়ানো সম্ভব।
তবে এ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বাস্থ্যব্যবস্থার চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে অনেক এলাকায় এখনো বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে। তাই বিদেশে চিকিৎসক পাঠানোর আগে দেশের চাহিদা পূরণের জন্য আরও বেশি চিকিৎসক তৈরি, গবেষণা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
সুইজারল্যান্ডের বর্তমান পরিস্থিতি মূলত একটি বৈশ্বিক বাস্তবতার প্রতিচ্ছবি। উন্নত দেশগুলোতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি ও স্বাস্থ্যকর্মীর সংকট বাড়ছে। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলোতে রয়েছে তরুণ ও সম্ভাবনাময় মানবসম্পদ। এই দুই বাস্তবতার সংযোগস্থলেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
আজ প্রশ্নটি কেবল সুইজারল্যান্ডের চিকিৎসক সংকটের নয়। প্রশ্ন হলো, বিশ্ব যখন দক্ষ চিকিৎসক খুঁজছে, তখন বাংলাদেশ কি নিজেকে সেই শূন্যস্থান পূরণের একটি বিশ্বস্ত ও দক্ষ অংশীদার হিসেবে গড়ে তুলতে পারবে? সঠিক পরিকল্পনা, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং দূরদর্শী নীতিই পারে সেই উত্তরকে ‘হ্যাঁ’-তে পরিণত করতে।