হুমায়ন আহমেদ শ্রাবন, লিসবন, পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:০৬ পিএম
আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনের রসিও চত্বরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা। ছবি : রয়টার্স
বাড়িভাড়া ও আবাসনের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী লিসবনে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশ অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে। এ সময় দুজন সামান্য আহত হন। পরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের অভিযানের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা নতুন করে অবস্থান কর্মসূচি শুরুর পাশাপাশি আরও বড় পরিসরে বিক্ষোভের ডাক দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ছয়টার আগে রাজধানী লিসবনের ঐতিহাসিক রসিও (Rossio) চত্বরে অভিযান চালায় দেশটির জননিরাপত্তা পুলিশ (পিএসপি)। আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে গত শনিবার থেকে সেখানে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। তাদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে চত্বরে প্রায় ২০০টি তাঁবু স্থাপন করা হয়েছিল। পুলিশের নির্দেশের পরও অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানালে ৫৫ জনকে আটক করা হয়।
এদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে প্রায় ১০ দিন ধরে চলা অবস্থান কর্মসূচির অবসান হয়েছে। মঙ্গলবার ভোরে পুলিশের সম্ভাব্য অভিযানের আশঙ্কায় বিক্ষোভকারীরা নিজেরাই তাঁবু সরিয়ে নেন। তবে আগামী শনিবার সেখানে আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
পুলিশের অভিযানের পরও বিক্ষোভ
লিসবনে পুলিশের অভিযানের কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় আবারও রাজপথে নামেন হাজার হাজার মানুষ। আবাসনের অধিকার নিশ্চিত করার পাশাপাশি পুলিশের অভিযানের প্রতিবাদে তারা বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারীরা বুধবার থেকে রসিও চত্বরে পুনরায় তাঁবু স্থাপন করে অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দেন।
লিসবন ও পোর্তোর পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে কোইমব্রায় চার শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। এ ছাড়া এভোরায় প্রায় ১০০ জন এবং লেইরিয়া ও বেজায় প্রায় ৫০ জন করে বিক্ষোভ করেন।
কেন এই আবাসন সংকট
পর্তুগালে কয়েক বছর ধরে বাড়ির দাম ও ভাড়া দ্রুত বাড়ছে। এতে বিশেষ করে রাজধানী লিসবন ও পোর্তোর মতো বড় শহরগুলোতে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর থেকে পর্তুগালে বাড়ি কেনার দাম দ্বিগুণের বেশি বেড়েছে। একই সময়ে নতুন ভাড়াচুক্তির ক্ষেত্রেও ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে।
আবাসন ব্যয় বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ, শিক্ষার্থী এবং তরুণ চাকরিজীবীদের ওপর। অনেকের পক্ষেই আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
এর মধ্যে সরকারের প্রস্তাবিত ভাড়াসংক্রান্ত আইনের পরিবর্তন নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বাড়িওয়ালারা বেশি সুবিধা পাবেন এবং ভাড়াটিয়াদের উচ্ছেদ করা সহজ হতে পারে। এ কারণে প্রস্তাবিত পরিবর্তন প্রত্যাহার, সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা এবং বাসস্থানের অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা।
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক
লিসবনের রসিও চত্বরে পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বন্ধ করতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে।
তবে পুলিশের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস। তার বক্তব্য, নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আইন মেনে চলতে হবে। পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, প্রচলিত আইন অনুসরণ করেই রসিও চত্বরে অভিযান চালানো হয়েছে।
আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা
আবাসন সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ পর্তুগালের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করেছে। বাড়িভাড়া ও আবাসনের ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মধ্যে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে পর্তুগালে আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে।
আন্দোলনকারীরা নতুন করে অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দিলেও জনসমাগমস্থলে অননুমোদিত তাঁবু স্থাপনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিতে পারে।
আবাসন সংকট মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নেয় এবং আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি কীভাবে এগিয়ে নেন, তার ওপরই পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করছে।