লুৎফুর রহমান, কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৪ পিএম
প্রতীকী ছবি।
কুয়েতের গৃহকর্মী শ্রমবাজারে বড় অংশজুড়ে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের কর্মীরা। তবে নতুন গৃহকর্মী নিয়োগে দেশটির সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে বাংলাদেশি কর্মীদের জন্য এ খাতে নতুন করে প্রবেশের সুযোগ আপাতত বন্ধ রয়েছে। নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে কুয়েতের বিশাল গৃহকর্মী শ্রমবাজারে বাংলাদেশের নতুন কর্মসংস্থানের পথ সংকুচিত হয়ে পড়েছে।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের (পিএসিআই) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বর্তমানে গৃহকর্মী খাতে কর্মরত রয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ৩০৮ জন। তাদের মধ্যে চারটি দেশের নাগরিকের সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ৭৪৪, যা মোট গৃহকর্মীর প্রায় ৮৬ দশমিক ১ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, কুয়েতে সবচেয়ে বেশি গৃহকর্মী রয়েছেন ভারতের—৩ লাখ ৪৪ হাজার ৫৩২ জন, যা মোট সংখ্যার প্রায় ৩৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা, দেশটির গৃহকর্মীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯০১ (১৭ দশমিক ৯ শতাংশ)। তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের কর্মী ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন (১৭ দশমিক ১ শতাংশ)। আর বাংলাদেশি গৃহকর্মী রয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৪২ জন, যা মোট সংখ্যার ১২ দশমিক ১ শতাংশ। বাকি ১৩ দশমিক ৯ শতাংশ গৃহকর্মী অন্যান্য দেশের নাগরিক।
কুয়েতের স্থানীয় পরিবারগুলোতে গৃহস্থালি কাজ, শিশু ও বয়স্কদের দেখাশোনা এবং পারিবারিক সেবার জন্য বিদেশি গৃহকর্মীদের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। কর্মজীবী দম্পতির সংখ্যা বৃদ্ধি ও ব্যস্ত জীবনযাত্রার কারণে এ খাতের চাহিদাও বাড়ছে। দেশটিতে গৃহকর্মীরা সাধারণত ‘খাদেম ভিসা’ নামে পরিচিত আর্টিকেল-২০ ভিসায় কাজ করেন।
এদিকে অভ্যন্তরীণ শ্রমবাজারে শৃঙ্খলা আনা এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা উল্লেখ করে গৃহকর্মী নিয়োগের নীতিতে পরিবর্তন এনেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে বাংলাদেশসহ মোট ২৭টি দেশের নাগরিকদের নতুন করে গৃহকর্মী ভিসায় নিয়োগের সুযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত দেশটিতে নারী গৃহকর্মী হিসেবে যেতে নিরুৎসাহিত করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। ফলে অভিবাসী নারী কর্মীদের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে নারী গৃহকর্মীদের (খাদ্দামা) ভিসা সত্যায়ন করা সম্ভব হচ্ছে না।
এ সুযোগে অসাধু চক্রের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর ঘটনা ঘটছে বলে জানিয়েছে দূতাবাস। এসব প্রতারণার শিকার হয়ে অনেক নারী নির্যাতন, শোষণ ও মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দূতাবাস। দূতাবাস সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার মাসে অবৈধভাবে কুয়েতে যাওয়া সাতজন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পরিস্থিতিতে অভিবাসনপ্রত্যাশী নারীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
তবে নতুন নিয়োগের সুযোগ বন্ধ থাকলেও কুয়েতে বর্তমানে বৈধভাবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের জন্য স্বস্তির খবর রয়েছে। কুয়েত ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যারা ইতোমধ্যে দেশটিতে কাজ করছেন, তাদের বর্তমান চাকরি ও আকামা (আবাসিক অনুমতিপত্র) নবায়নে নতুন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।
সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া, নতুন নিয়োগে বিধিনিষেধ এবং কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে কুয়েতের গৃহকর্মী শ্রমবাজারে বাংলাদেশিদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ আপাতত বন্ধ রয়েছে।