সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৪১ পিএম
সুইজারল্যান্ডের রাজনীতিতে ক্রমেই তীব্র হচ্ছে মেরুকরণ। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসআরজির (SRG) সাম্প্রতিক নির্বাচনী বারোমিটার জরিপে দেখা গেছে, বাম ও ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা বাড়লেও কমছে মধ্যপন্থী দলগুলোর সমর্থন। রাজনৈতিক সমর্থনের এই পরিবর্তন সুইজারল্যান্ডের দীর্ঘদিনের ঐকমত্য ও সমঝোতাভিত্তিক রাজনৈতিক সংস্কৃতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
জরিপ অনুযায়ী, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে সুইস পিপলস পার্টি (ইউডিসি/এসভিপি) ২৯ দশমিক ৯ শতাংশ ভোট পেতে পারে। ২০২৩ সালের নির্বাচনের তুলনায় দলটির সমর্থন বেড়েছে ২ শতাংশ পয়েন্ট। বামপন্থী সোশ্যালিস্ট পার্টি (এসপি) পেয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ সমর্থন, যা আগের নির্বাচনের তুলনায় ১ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে গ্রিন পার্টির সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩ শতাংশে, যা বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট।
বামপন্থী দল দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রবণতাও স্পষ্ট। জরিপে দেখা গেছে, গ্রিন পার্টির ৯৮ শতাংশ সমর্থক এসপির সঙ্গে কাজ করার পক্ষে এবং এসপির ৯৭ শতাংশ সমর্থক গ্রিন পার্টির সঙ্গে সহযোগিতা সমর্থন করেন। বিপরীতে মধ্যপন্থী দলগুলোর সমর্থন ৩৮ শতাংশ থেকে কমে ৩৫ শতাংশে নেমেছে। এ চিত্র সুইস রাজনীতিতে বাম ও ডানপন্থী দলগুলোর দিকে সমর্থন ক্রমশ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা তুলে ধরছে।
রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন রয়েছে সরকারের প্রতি জনমতেও। সুইজারল্যান্ডের সরকার, ফেডারেল কাউন্সিল নিয়ে জনমত এখন স্পষ্টভাবে বিভক্ত। এক-তৃতীয়াংশের বেশি মানুষ মনে করেন সরকার অতিরিক্ত ডানপন্থী। প্রায় সমসংখ্যক মানুষ মনে করেন সরকার অতিরিক্ত বামপন্থী। মাত্র ২৭ শতাংশ মানুষ মনে করেন সরকার সঠিক রাজনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। ২০১৯ সালের পর এই হার সর্বনিম্ন। তুলনামূলকভাবে করোনাকালে ২০২১ সালের শরৎকালে এ হার ছিল ৪৫ শতাংশ। সরকারের রাজনৈতিক ভারসাম্য নিয়ে সন্তুষ্টির হার কমে যাওয়া দেশটির জাতীয় ঐকমত্যের প্রবণতা দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
জরিপে নারী ও পুরুষের রাজনৈতিক পছন্দের মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য উঠে এসেছে। বামপন্থী দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন ৩৫ শতাংশ নারী, যেখানে পুরুষদের মধ্যে এ হার ২৩ শতাংশ। বিপরীতে, ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন পুরুষদের মধ্যে ৫০ শতাংশ এবং নারীদের মধ্যে ৩৭ শতাংশ। তবে মধ্যপন্থী দলগুলোর প্রতি নারী ও পুরুষের সমর্থন প্রায় সমান।
৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে এ বিভাজন আরও স্পষ্ট। তরুণ নারীদের মধ্যে সোশ্যালিস্ট পার্টির সমর্থন তরুণ পুরুষদের তুলনায় ১৪ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে সুইস পিপলস পার্টির প্রতি সমর্থন তরুণ পুরুষদের মধ্যে তরুণ নারীদের তুলনায় ১১ শতাংশ পয়েন্ট বেশি। এফডিপি দলটির প্রতিও তরুণ পুরুষদের সমর্থন তুলনামূলক বেশি।
রাজনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রেও নারী ও পুরুষের মধ্যে পার্থক্য দেখা গেছে। ৪০ শতাংশ নারী জলবায়ু পরিবর্তনকে দেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচনা করেন। পুরুষদের মধ্যে এ হার ৩১ শতাংশ।
সুইজারল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে ঐকমত্য ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। তবে ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণ দেশটির ঐতিহ্যবাহী শাসনব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বিভাজন ভবিষ্যতে সুইস রাজনীতির স্থিতিশীলতা ও ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্লেষকরা।