এম ডি জে খোকন, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম
যুক্তরাজ্যের লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীতে লন্ডনের নিউহ্যামের বরোর কয়েকটি পূজামণ্ডপে ঘুরে দেখা যায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
হিন্দু সোসাইটি লন্ডন ও ইউনাইটেড হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন লন্ডনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়। ভক্তি, আনন্দ ও সম্প্রীতির আবহে আয়োজিত এ উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সপ্তমীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউহ্যাম বরোর নির্বাচিত মেয়র ফরহাদ হোসেন। এ সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি উদ্যাপন করেন। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা সংগীতশিল্পী নোলক বাবু। তার পরিবেশনা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
নিউহ্যাম কাউন্সিলের মেয়রের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে আরও আনন্দময় ও তাৎপর্যপূর্ণ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন, ঐতিহ্যের উদ্যাপন এবং ভালোবাসার বন্ধনই দুর্গাপূজার প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরে।