× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ১৬৬

সোহেল আহমেদ বাপ্পী, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:০৮ পিএম

ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ১৬৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও ২০১৮ সালের ‘হলুদ ভেস্ট’ আন্দোলনের কর্মীরা। 

শনিবার (১৭ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে শত শত কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, দুপুর পর্যন্ত ১৪০টি বিক্ষোভে প্রায় ৩২ হাজার ৮০০ জন অংশ নেন। দেশজুড়ে ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিস, মার্সেই ও লিওঁসহ বিভিন্ন শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা অস্থায়ী ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। তবে কর্মসূচি চলমান থাকায় অংশগ্রহণকারী ও গ্রেপ্তারের চূড়ান্ত সংখ্যা তখনো জানা যায়নি।

প্যারিসে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাদের বেশির ভাগের কাছ থেকে নিষিদ্ধ সুরক্ষা সরঞ্জাম বা অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে এক পুলিশ সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, দেশজুড়ে প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন, যার মধ্যে ৪০ হাজারের মতো প্যারিসে।

ফ্রান্সের বিভিন্ন শহরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছিল। মার্সেইয়ে প্রাদো বুলেভার্ডে ময়লার বিন ও বৈদ্যুতিক স্কুটার দিয়ে সড়ক অবরোধ করা হলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। প্যারিসের রিপাবলিক চত্বরেও নির্ধারিত মিছিল শুরুর আগেই কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া যায়। এ ছাড়া রেন শহরেও বিক্ষোভ হয়। প্যারিসে ডানপন্থী টেলিভিশন চ্যানেল সিনিউজের কার্যালয় ঘিরে ধরেন প্রায় ১০০ বিক্ষোভকারী। এ ঘটনায় ২১ জনকে আটক করে পুলিশ।

শিক্ষার্থী আন্দোলন থেকে বৃহত্তর বিক্ষোভ

প্রাথমিকভাবে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭ অক্টোবরের বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ে। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার প্রতিবাদও এতে যুক্ত হয়। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে ট্রেড ইউনিয়ন ও হলুদ ভেস্ট আন্দোলনের কর্মীরা যোগ দেওয়ায় কর্মসূচি আরও বিস্তৃত হয়েছে।

২০১৮ সালে ডিজেলের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে হলুদ ভেস্ট আন্দোলনের সূচনা হয়েছিল। পরে তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আয়বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এবার শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগও পুরোনো আন্দোলনের কর্মীদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছে।

আন্দোলনে শিক্ষার্থীদের প্রধান অভিযোগ, শিক্ষকের সংকট, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে পাঠদান এবং জরাজীর্ণ স্কুল ভবনের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের বলপ্রয়োগ নিয়ে ক্ষোভ। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শ্রমিক, কৃষক, চালক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের প্রতিবাদে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

লিল শহরের ১৮ বছর বয়সী শিক্ষার্থী মারি-লু এএফপিকে বলেন, শ্রমিক ও হলুদ ভেস্ট আন্দোলনকারীদের অংশগ্রহণের কারণে আজকের দিনটি শিক্ষার্থী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হতে পারে। অন্যদিকে, হলুদ ভেস্ট আন্দোলনের পরিচিত মুখেরা শিক্ষার্থী, শ্রমিক ও অবসরপ্রাপ্তদের একসঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কঠোর নিরাপত্তায় পুলিশ

বিক্ষোভ ঘিরে ফ্রান্সের সরকার ও পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। প্যারিসে ২৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং কয়েকটি মিছিলের পথ নিষিদ্ধ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ফ্রান্স ২৪ জানিয়েছে, বড় শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পরিস্থিতি গুরুতর হলে স্টান গ্রেনেড ব্যবহারের অনুমতিও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লকর্নু বিক্ষোভের অধিকার স্বীকার করলেও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই; কিছু ক্ষেত্রে তা সহিংসতার দিকে যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বিক্ষোভের অধিকারকে সম্মান জানানোর পাশাপাশি মানুষ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, পুলিশের বলপ্রয়োগ নিয়ে বিতর্কও তীব্র হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার সিনেটে জানিয়েছেন, পুলিশের সহিংসতার অভিযোগে ৩৬টি তদন্ত চলছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় গুরুতর জখম ও স্থায়ী অঙ্গহানির অভিযোগ রয়েছে। এসব ঘটনার তদন্ত চলমান।

শিক্ষা ও জনজীবনে প্রভাব

চলমান আন্দোলনে দেশটির শিক্ষাব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সরকারের তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত প্যারিস অঞ্চলের ৪৬৮টি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৯০টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী লকর্নু জানিয়েছেন, আন্দোলনের কারণে হাজার হাজার ঘণ্টার ক্লাস নষ্ট হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর পর্যন্ত ২৪৮ জন শিক্ষার্থী ও ১৪৯ জন শিক্ষাকর্মী আহত হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংকট মোকাবিলায় সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে তিন হাজার বদলি শিক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে। অক্টোবরের শেষ নাগাদ আরও কিছু পদক্ষেপ ঘোষণার কথা রয়েছে। উচ্চশিক্ষায় ভর্তি ফি বাড়ানোর কিছু পরিকল্পনা বাতিল করা হয়েছে এবং শিক্ষার্থীদের মতামত জানতে অনলাইন জরিপও চালু করেছে সরকার। তবে আন্দোলনকারীদের একাংশের মতে, এসব পদক্ষেপ শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংকট সমাধানে যথেষ্ট নয়।

বিক্ষোভের প্রভাব পড়েছে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যেও। মেট্রো স্টেশন বন্ধ, সড়ক অবরোধ ও সংঘর্ষের আশঙ্কায় বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ক্ষোভের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপও বাড়ছে। সরকারি ঋণ, বাজেট ঘাটতি এবং আগামী বছরের বাজেট নিয়ে বিতর্কের মধ্যে সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। সরকারি খাতে বেতন স্থির রাখা ও পেনশন বৃদ্ধিতে সীমা আরোপের প্রস্তাবও বিতর্ক তৈরি করেছে।

এক জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ৬২ শতাংশ ফরাসি নাগরিক শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য বলে মনে করেন। আন্তর্জাতিক পরিসরেও আন্দোলনের প্রভাব পড়েছে। সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ১৩ অক্টোবর প্যারিসের উপকণ্ঠ সাঁ-দনিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানান। বেলজিয়াম ও ইতালিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সরকারের শিক্ষা-সংক্রান্ত নতুন প্রস্তাব অক্টোবরের শেষ দিকে আসার কথা রয়েছে। শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য চালু করা ‘আগোরা’ অনলাইন প্ল্যাটফর্ম ২৩ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি সংসদে বাজেট নিয়ে বিতর্কও চলছে। সব মিলিয়ে, শিক্ষার্থীদের দাবির সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বৈষম্যের প্রশ্ন যুক্ত হওয়ায় ফ্রান্সের চলমান আন্দোলন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা