× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণাঢ্য আয়োজনে আহমেদাবাদ কালীবাড়ির ৮৯তম দুর্গোৎসব

অভ্র বড়ুয়া, (গুজরাট) ভারত প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

বর্ণাঢ্য আয়োজনে আহমেদাবাদ কালীবাড়ির ৮৯তম দুর্গোৎসব

বর্ণাঢ্য আয়োজন, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদ কালীবাড়ির ৮৯তম শারদীয়া দুর্গোৎসব। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সংগীত, নৃত্য, শিল্পকলা ও বাঙালির ঐতিহ্যনির্ভর নানা আয়োজন।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন মন্দিরের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত মণ্ডপ। পশ্চিমবঙ্গের শিল্পী ও কারিগরদের দীর্ঘ পরিশ্রমে তৈরি এ মণ্ডপে বাঁশ ও কাপড়ের ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহ্য ও পরিবেশসচেতনতার সমন্বয়ে তৈরি দুর্গাপ্রতিমাটিও উৎসবের সৌন্দর্য বাড়িয়েছে। প্রতিমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের প্রতিমাশিল্পী তরুণ বেরা।

সাত দিনব্যাপী এ আয়োজনে থাকছে সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মহাসপ্তমীর সন্ধ্যায় রাত ৮টায় মঞ্চে সংগীত পরিবেশন করবেন ‘জি বাংলা সা রে গা মা পা’ প্রতিযোগিতার ২০১৪ সালের প্রথম রানারআপ রিক বসু। এ ছাড়া বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান। আগামীকাল ২য় সপ্তমীতে রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশের শিল্পী অভ্র বড়ুয়া ও প্রীতম নন্দীসহ আহমেদাবাদের ১২ জন সংগীতশিল্পী পরিবেশনায় অংশ নেবেন। তাদের পরিবেশনা উৎসবে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে কারুশিল্প মেলা ও বাংলা বইমেলা। উৎসব উপলক্ষে ভোগ-প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থীর সমাগম হবে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি আহমেদাবাদের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণে উৎসবটি বৃহত্তর সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।

দুর্গোৎসবের এ আয়োজন কেবল ধর্মীয় উদ্‌যাপন নয়, প্রবাসে বাঙালির শিকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। বাংলার শারদোৎসবের আবহের সঙ্গে গুজরাটের বহুসাংস্কৃতিক পরিবেশের মেলবন্ধনে আহমেদাবাদ কালীবাড়ির এ উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা