× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিয়েনা অ্যাওয়ার্ডসে সেরা কুয়েত টাওয়ার্সের ড্রোন ছবি

লুৎফুর রহমান, কুয়েত প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৪২ পিএম

সিয়েনা অ্যাওয়ার্ডসে সেরা কুয়েত টাওয়ার্সের ড্রোন ছবি

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘আর্বান ড্রোন’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কুয়েতি আলোকচিত্রী আবদুল্লাহ আল-বুনিয়ান। কুয়েতের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত কুয়েত টাওয়ার্সের ড্রোনে তোলা নান্দনিক ছবির জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা অংশ নেন। প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে কুয়েতের স্থাপত্য ঐতিহ্য ও সৌন্দর্য নতুন করে তুলে ধরেছেন আল-বুনিয়ান।

আরব উপসাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কুয়েত টাওয়ার্স দেশটির অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন ও জাতীয় প্রতীক। তিনটি সুউচ্চ টাওয়ারের সমন্বয়ে গড়ে ওঠা এই নান্দনিক স্থাপনা নীল জলরাশি ও আধুনিক শহরের সৌন্দর্যকে একসূত্রে বেঁধেছে। অনন্য স্থাপত্যশৈলী ও মনোরম পরিবেশের কারণে এটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিনই স্থাপনাটি দেখতে ভিড় করেন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক।

কুয়েত টাওয়ার্সের প্রধান টাওয়ারটির উচ্চতা প্রায় ১৮৭ মিটার (৬১৪ ফুট)। দ্বিতীয় টাওয়ারটি ১৪৭ মিটার এবং তৃতীয়টি ১১৩ মিটার উঁচু। তৃতীয় টাওয়ারটি বিদ্যুৎ ও আলোকসজ্জাসহ কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামোগত কাজে ব্যবহৃত হয়। রাতে তিনটি টাওয়ারের বর্ণিল আলোকসজ্জা সমুদ্রতীরের সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পর্যটকদের কাছে জনপ্রিয় এই স্থাপনা এবার কেবল কুয়েতের গর্ব হিসেবেই নয়, আন্তর্জাতিক আলোকচিত্রের মঞ্চেও নতুন করে পরিচিতি পেয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে প্রায় পাঁচ লাখ আলোকচিত্র জমা পড়ে। বিপুল প্রতিযোগীর মধ্যে সেরা হওয়ার পর কুয়েতের গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আল-বুনিয়ান জানান, নিজের দেশের জাতীয় প্রতীক আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়াটা তার আলোকচিত্রী জীবনের অন্যতম বড় গৌরব ও অর্জন। মূল পুরস্কারের পাশাপাশি তার তোলা আরও দুটি আলোকচিত্রের প্রশংসা করে বিশেষ সম্মাননা দিয়েছেন প্রতিযোগিতার বিচারকেরা।

সিয়েনা অ্যাওয়ার্ডস বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে ভ্রমণ, প্রকৃতি, বন্যপ্রাণী, ক্রীড়া ও ড্রোন আলোকচিত্রসহ বিভিন্ন বিভাগে ছবি জমা দেন পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীরা। প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানজনক ‘পাঞ্জিয়া ক্রিস্টাল’ স্মারক দেওয়া হয়। নির্বাচিত ছবিগুলো ‘বিয়ন্ড দ্য লেন্স’ শীর্ষক আলোকচিত্র সংকলনেও স্থান পায়।

আবদুল্লাহ আল-বুনিয়ানের এ অর্জন কুয়েতের স্থাপত্য ঐতিহ্য ও সৌন্দর্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দেশটির আলোকচিত্রশিল্পের জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা