ফেরদৌসুর রহমান, কাতার প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৮:০০ পিএম
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আঞ্চলিক অস্থিতিশীলতা ও সংঘাতের মধ্যেও কাতার নিজস্ব সক্ষমতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংহতির প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।
রাজধানী দোহায় কাতারের শূরা কাউন্সিলের ৫৫তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে আমির এসব কথা বলেন।
আমির শেখ তামিম বলেন, গত কয়েক মাসের তীব্র অস্থিতিশীলতার মধ্যে কাতারসহ পুরো মধ্যপ্রাচ্য এক ‘অভূতপূর্ব ও ব্যতিক্রমী পরিস্থিতির’ মুখোমুখি হয়েছে। তবে এই কঠিন সময় কাতারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংহতি এবং সংকট মোকাবিলার সক্ষমতাকে আবারও প্রমাণ করেছে।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে কাতারের গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির রাজস্ব প্রায় ৪২ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়।
অর্থনৈতিক এই চাপের প্রসঙ্গে আমির বলেন, সংকট শুরুর আগেই কাতার দূরদর্শী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিল। এসব নীতির কারণে আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যেও দেশটি অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্যদেশগুলোর যৌথ নিরাপত্তার বিষয়ে শেখ তামিম বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এমন একটি বিষয়, যেখানে কোনো ছাড় বা আপস করা সম্ভব নয়।
বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনা সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
চলমান সংঘাত ও যুদ্ধ বন্ধের আহ্বান জানান কাতারের আমির। তিনি বলেন, কাতার সব সময় মতবিরোধ শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতে বিশ্বাসী। এ সময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সমর্থন এবং চলমান মানবিক সংকটের অবসানে কাতারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।