× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতের মাছের বাজারে বাংলাদেশিদের আধিপত্য

লুৎফুর রহমান, কুয়েত প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৭:৪২ পিএম

কুয়েতের মাছের বাজারে বাংলাদেশিদের আধিপত্য

কুয়েতের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় সামুদ্রিক মাছের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটাতে দেশটির নাগরিকদের অন্যতম প্রধান ভরসা তাজা মাছ। এ চাহিদা পূরণে কুয়েতজুড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুপরিচিত ও সুসংগঠিত মাছের বাজার। এর মধ্যে শার্ক ফিশ মার্কেট, মুবারকিয়া মার্কেট ও ফাহাহিল মাছ বাজার উল্লেখযোগ্য।

বাজারগুলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, শীতাতপনিয়ন্ত্রিত, প্রশস্ত ও পরিচ্ছন্ন। এসব বাজারের স্টলে বরফের ওপর পরিপাটিভাবে সাজিয়ে রাখা হয় নানা প্রজাতির তাজা মাছ। পাইকারি নিলাম, খুচরা বিক্রি, মাছ পরিষ্কার ও কাটাকাটিসহ বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমিকরা। সংশ্লিষ্টদের দাবি, এসব কাজে তাদের অংশগ্রহণের হার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ।

কুয়েতে বাংলাদেশের মতো বিস্তৃত নদী-নালা ও জলাশয় না থাকায় স্থানীয়ভাবে মাছ আহরণের পাশাপাশি চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভর করতে হয় দেশটিকে। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ভারত, মিয়ানমার, ইরান ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে তাজা ও হিমায়িত মাছ আমদানি করা হয়।

কুয়েতিদের পছন্দের মাছের তালিকায় রয়েছে স্থানীয় হামুর, ঝুবাইদি বা পমফ্রেট এবং নুগরে ও চানান্দ। পাশাপাশি বাংলাদেশি ক্রেতাদের কাছে রুই, কাতলা, তেলাপিয়া, শোল, ঘাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাহিদা রয়েছে। মাছের প্রজাতি ও আমদানির উৎস অনুযায়ী প্রতি কেজির দাম প্রায় ১ দশমিক ৫ কুয়েতি দিনার থেকে ১০-১২ দিনার পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য ৬০০ থেকে ৪ হাজার টাকা। প্রতিদিন সকাল ও বিকালে অনুষ্ঠিত নিলামে মাছের পাইকারি দর নির্ধারিত হয়।

ব্যবসায়ীরা জানান, সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে কুয়েতের মাছের বাজারে বাংলাদেশিরা নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন। তবে প্রতিযোগিতাও বেশ তীব্র। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকারকদের মাধ্যমে সরাসরি উন্নত মানের মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন তারা। মাছের ব্যবসায় সঠিক কৌশল, অভিজ্ঞতা ও বাজার সম্পর্কে ভালো ধারণা থাকলে কুয়েতের এ বাজারে টিকে থাকা এবং লাভজনক ব্যবসা গড়ে তোলা সম্ভব।

শার্ক ফিশ মার্কেটের দীর্ঘদিনের বাংলাদেশি ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, কুয়েতিরা তাজা মাছ কেনার ক্ষেত্রে খুব বেশি দরদাম করেন না। তবে মাছের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে তারা বেশ সচেতন। ক্রেতাদের আস্থা অর্জনে মাছের গুণগত মান বজায় রাখা জরুরি। ভালো মানের মাছ সংগ্রহ করে সঠিকভাবে বিক্রি করতে পারলে এ ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

আরেক ব্যবসায়ী আব্দুল মালিক বলেন, মাছ বিক্রির পাশাপাশি পরিষ্কার ও কেটে দেওয়ার কাজ করেও অনেক বাংলাদেশি ভালো আয় করছেন। প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা এসব বাজারে আসেন। বাংলাদেশি কর্মীদের কাজের দক্ষতা ও সেবায় স্থানীয় ক্রেতারাও সন্তুষ্ট।

কুয়েতের মাছের বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু তাদের ব্যক্তিগত কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করছে না, দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। প্রবাসে তাদের শ্রম ও দক্ষতা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ভূমিকা রাখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা