× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির সংঘাতে শঙ্কায় রেমিট্যান্স-শ্রমবাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২১:৪৩ পিএম

ছবি: এআই দিয়ে সম্পাদিত

ছবি: এআই দিয়ে সম্পাদিত

বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। দেশটিতে কর্মরত লাখো বাংলাদেশির পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। কিন্তু সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হামলা এবং নিরাপত্তা ঝুঁকিতে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের প্রবাসী আয় ও কর্মসংস্থান নিয়ে। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসী কর্মীদের একাংশ চাকরি, ভিসার মেয়াদ ও বাড়তি যাতায়াত ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে সৌদি আরব থেকে প্রবাসী আয় কমে যাওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও শ্রমবাজারেও চাপ তৈরি হতে পারে।

এরই মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় বিধিনিষেধের প্রভাবে ঢাকা থেকে সৌদি আরবগামী ও সৌদি আরবের সঙ্গে সংযুক্ত রুটের ১০৭টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট ব্যাহত হয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিমান। যাত্রীদের চাপ সামলাতে জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট এবং মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহারের ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

কর্মস্থলে ফিরতে না পেরে দুশ্চিন্তায় প্রবাসীরা  

ফ্লাইট বাতিলের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে ছুটি শেষে সৌদি আরবে কাজে ফেরার অপেক্ষায় থাকা কর্মীদের ওপর। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানো, নিয়োগকর্তার অসন্তোষ, ভিসা ও আবাসন-সংক্রান্ত জটিলতা এবং অতিরিক্ত থাকা-খাওয়ার ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। অনেকে বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিকল্প রুটের টিকিটের বাড়তি দাম তাদের আর্থিক চাপ আরও বাড়াচ্ছে।

রাজশাহীর পুঠিয়ার রিয়াদপ্রবাসী আব্দুর রহমান ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার জন্য আগেই বিমানের টিকিট কেটেছিলেন। নির্ধারিত দিনে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের খবর পান। এখন কবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। সময়মতো কাজে যোগ দিতে না পারলে চাকরিতে সমস্যা হওয়ার আশঙ্কাও করছেন।

একই পরিস্থিতিতে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মমিনুল ইসলাম ও শাকিল আহমেদ। সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় দুবাই হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ভাবলেও টিকিটের অস্বাভাবিক দাম দেখে দুশ্চিন্তায় পড়েছেন তারা। শেষ পর্যন্ত যেতে হলে ধারদেনা করে টিকিট কিনবেন বলে জানিয়েছেন তারা। এ ধরনের পরিস্থিতিতে কর্মীদের আর্থিক ঝুঁকি শুধু বাড়তি টিকিটের দামেই সীমাবদ্ধ নয়। বিদেশে যাওয়ার জন্য ঋণ নেওয়া অনেক কর্মীর ক্ষেত্রে কাজে যোগদানে বিলম্ব হলে ঋণের কিস্তি, পরিবারের খরচ এবং বিদেশে কর্মস্থল ধরে রাখার চাপ একসঙ্গে বাড়তে পারে।

বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশি। নয়াপল্টনের একটি রিক্রটিং এজেন্সির মালিক আলাউদ্দিন সাগর বলেন, বিদেশে বড় শ্রমবাজারের মধ্যে এখন খোলাই আছে কেবল সৌদি আরব। যেখানে সবচেয়ে বেশি শ্রমিক পাঠানো যায়। এর বাইরে মালদ্বীপ, ইরাক, ওমান, কাতার, কুয়েতসহ বেশ কিছু দেশে পাঠানো হয়। কিন্তু সেসব দেশে তুলনামূলক কম শ্রমিক নেয় আবার খরচও বেশি। তাই সৌদি আরবের পরিবেশ স্বাভাবিক না হলে বিপাকে পড়তে হবে রিক্রুটিং এজেন্সি ও দেশের রেমিট্যান্স যোদ্ধাদের।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের পরিচালক শরিফুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সৌদি আরবের শ্রমবাজারের গুরুত্ব অপরিসীম। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিট্যান্স প্রবাহে সমস্যা তৈরি হতে পারে। যারা সৌদি আরবে যেতে পারছেন না, দেশে এসে আটকা পড়েছেন এবং দেশটিতে কর্মরত রয়েছেনÑ সব পক্ষই এখন সমস্যার মুখে পড়েছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা