× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন চতুর্থ সপ্তাহে, চাপে ম্যাক্রোঁ সরকার

সোহেল আহমেদ বাপ্পী, প্যারিস, ফ্রান্স

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৫১ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৫১ পিএম

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন চতুর্থ সপ্তাহে, চাপে ম্যাক্রোঁ সরকার

জীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকসংকট ও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপের প্রতিবাদে ফ্রান্সে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষক, অভিভাবক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগ, শিক্ষার্থীদের আহত হওয়া এবং গ্রেপ্তারের ঘটনা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার একাধিক পদক্ষেপের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা সেগুলোকে অপর্যাপ্ত বলে দাবি করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ১ লাখ ৬১ হাজার ৫০০ মানুষ অংশ নেন। গত বৃহস্পতিবারের ৭১ হাজার ৫০০-এর তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। তবে ট্রেড ইউনিয়নগুলোর হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪ লাখ ৮০ হাজার। ফ্রান্স ২৪ ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচনের ছয় মাস আগে এ আন্দোলন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে। এদিকে সরকারের সংখ্যালঘু অবস্থান, ব্যয় সংকোচনের বাজেট এবং রাজনৈতিক বিরোধীদের সমালোচনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আন্দোলনের বিস্তার ও শিক্ষার্থীদের দাবি

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর প্যারিসের শহরতলি ক্রেতেইয়ের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কর্মী ও সম্পদসংকটের প্রতিবাদে শিক্ষকেরা ধর্মঘট করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ার পর আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত থাকলে বিকল্প শিক্ষক পাওয়া যায় না। কোথাও কোথাও শ্রেণিকক্ষে ৩২ থেকে ৩৬ জন শিক্ষার্থীকে একসঙ্গে পাঠ নিতে হচ্ছে। পাশাপাশি নার্স ও সমাজকর্মীর ঘাটতি, দীর্ঘ ক্লাসসূচি, গরমে অস্বস্তিকর পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন ব্যবস্থা ‘পারকুরসুপ’ নিয়ে চাপের কথাও তুলে ধরছেন তারা।

শিক্ষার্থী সংগঠনগুলো এসব সমস্যা সমাধানে ১০ দফা জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকার আন্দোলন দমনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

ফ্রান্স ২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) প্যারিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ৪১ হাজার ৫০০ মানুষ বিক্ষোভে অংশ নেন। শহরের আঁভালিদ এলাকায় সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এএফপির সাংবাদিকেরা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া এবং অস্থায়ী ব্যারিকেড তৈরির চেষ্টাও দেখতে পান। পশ্চিমাঞ্চলীয় শহর নান্তেও কাঁদানে গ্যাস ব্যবহারের খবর দিয়েছে অ্যাক্সিওস।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, যার অধিকাংশই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী সংগঠন ইউনিঅঁ এতুদিয়াঁতের দাবি, প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ অবরুদ্ধ বা বন্ধ ছিল। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। পরদিন বুধবার (১৪ অক্টোবর) শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বিএফএমটিভিকে জানান, দেশের প্রায় ৩ হাজার ৭০০ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ শতাংশ খোলা রয়েছে এবং ২০০টির কিছু কম বন্ধ। তিনি জানান, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪৮ জন শিক্ষাকর্মী আহত হয়েছেন। একই দিন প্যারিসের লিসে মঁতেইনসহ কয়েকটি বিদ্যালয়ে ভোর থেকেই অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সরকারের পদক্ষেপ, শিক্ষার্থীদের অসন্তোষ

আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লকর্নু গত ৬ অক্টোবর মন্ত্রীদের অক্টোবরের শেষ নাগাদ প্রস্তাব দিতে নির্দেশ দেন। পরদিন টেলিভিশন ভাষণে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে আন্দোলন দমনের নির্দেশ দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি সহিংসতার নিন্দা জানান এবং রাজনৈতিক নেতাদের আন্দোলনকে নির্বাচনী স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন।

৮ অক্টোবর শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১১৪টি বিদ্যালয়ে ৩ হাজার বদলি শিক্ষক পাঠানো হবে। এ উদ্যোগে চলতি বছর কয়েক কোটি ইউরো ব্যয় হবে বলেও জানান তিনি। এএফপি বলছে, শিক্ষার্থীরা এ প্রতিশ্রুতিকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে। শিক্ষক ইউনিয়নগুলোর আশঙ্কা, বদলি শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা ও কর্মস্থলের অবস্থান সব সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের চাহিদার সঙ্গে মিলবে না।

এদিকে শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য চালু একটি প্ল্যাটফর্মে ৭ অক্টোবরের মধ্যে প্রায় ৪০ হাজার বক্তব্য জমা পড়েছে বলে জানিয়েছে সিবিসি। বিক্ষোভ দমনে পুলিশের ব্যবহৃত এক ধরনের স্টান গ্রেনেডের ব্যবহারও স্থগিত করা হয়েছে।

পুলিশি বলপ্রয়োগ নিয়ে মানবাধিকার উদ্বেগ

আন্দোলনের একাংশে আগুন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর ৮ অক্টোবরের হিসাব অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ২১৫ জন শিক্ষার্থী, ৮৯ জন শিক্ষক এবং ৭৬১ জন পুলিশ ও জান্দারম সদস্য আহত হয়েছেন। ওই সময় পর্যন্ত আটক করা হয়েছিল ৬ হাজার ৬২৯ জনকে। বিচার মন্ত্রণালয়ের ৯ অক্টোবরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮৭৭ জনে, যাদের ৮৬ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

সরকারের দাবি, আন্দোলনে বাইরের সহিংস গোষ্ঠী ঢুকে পড়েছে। তবে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের কয়েকটি ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। ৫ অক্টোবর লঁসে পুলিশের একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ সূত্রের ভাষ্য, গ্রেনেডটি তুলে ছুড়ে ফেরত দিতে গিয়ে সে আহত হয়।

তুরে ১৬ বছর বয়সী আরেক কিশোর ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। প্রসিকিউটরের মতে, তার আঘাত পুলিশের রাবার বুলেটজাতীয় অস্ত্রের আঘাতের সঙ্গে সংগতিপূর্ণ। সাঁ-ওয়ঁ-লোমনে ১৪ বছর বয়সী এক কিশোরের চোয়াল ভেঙে যায়। প্রসিকিউটরের দাবি, এর আগে সে এক পুলিশ সদস্যকে আঘাত করেছিল।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার অভিযোগ তদন্ত করছে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা। এ বিষয়ে একটি প্রতিবেদনে ৩৪টি এবং অন্যটিতে ৩৬টি অভিযোগ তদন্তের কথা উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্রও ৯ অক্টোবর উদ্বেগ জানিয়ে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখা এবং বলপ্রয়োগের ক্ষেত্রে আনুপাতিকতা বজায় রাখার আহ্বান জানান।

অভিভাবকদের উদ্বেগ

আন্দোলনে অভিভাবকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফ্রান্সের অন্যতম বড় অভিভাবক সংগঠন এফসিপিই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটির সহ-সভাপতি মুস্তাফা ওজেলিক ইউরোনিউজকে বলেন, ঠাসা শ্রেণিকক্ষ, শিক্ষকের অনুপস্থিতি, বিদ্যালয়ে চিকিৎসকের অভাব এবং গরমে অসহনীয় পরিবেশ নিয়ে অনেক অভিভাবকও উদ্বিগ্ন।

তবে আন্দোলনের কারণে পড়াশোনার ক্ষতি নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিক্ষোভে হাজার হাজার ঘণ্টার ক্লাস ব্যাহত হয়েছে। নিরাপত্তাঝুঁকিতে থাকা বিদ্যালয়গুলোতে দূরশিক্ষণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। বিশেষ করে পরীক্ষার বছরে থাকা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা বেশি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বদলি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, সন্তানদের নিরাপত্তা নিয়েও অভিভাবকদের মধ্যে শঙ্কা রয়েছে। ৬ অক্টোবর আল জাজিরা ও পিবিএস নিউজআওয়ারের প্রতিবেদনে দেখা গেছে, কিছু অভিভাবক সন্তানদের সুরক্ষায় বিক্ষোভে অংশ নিয়েছেন এবং পুলিশের সারির সামনে দাঁড়িয়ে তাদের আড়াল করার চেষ্টা করেছেন। শিক্ষামন্ত্রী অভিভাবকদের সন্তানদের আন্দোলনে না পাঠানোর পরামর্শ দিয়েছেন। তাঁর ভাষ্য, রাস্তায় শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়তে পারে।

এ ছাড়া ২ অক্টোবর বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ ক্ষয়ক্ষতির ঘটনায় অভিভাবকদের দেওয়ানি দায়ে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে কৌঁসুলিদের নির্দেশ দেন। এতে সন্তানদের নিরাপত্তা ও পড়াশোনার পাশাপাশি সম্ভাব্য আর্থিক ও আইনি দায় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রাজনৈতিক চাপ ও সামনে কী

আন্দোলনকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। সরকার ও ডানপন্থী দলগুলো বামপন্থী দল ‘লা ফ্রঁস ইনসুমিজ’ (এলএফআই) এবং দলটির নেতা জাঁ-লুক মেলঁশঁর বিরুদ্ধে আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ করেছে। মেলঁশঁর দাবি, তাঁর দল আন্দোলনের সংগঠক নয়, বরং সমর্থক। ১৩ অক্টোবর প্যারিসের বিক্ষোভেও তাকে দেখা গেছে।

লে ফিগারোর জন্য ১ অক্টোবর প্রকাশিত ওদোক্সা-ব্যাকবোন জরিপে ৬২ শতাংশ ফরাসি নাগরিক আন্দোলনকে ন্যায্য বলে মনে করেছেন। তবে ৬১ শতাংশ মনে করেন, এতে এলএফআইয়ের সম্পৃক্ততা ঠিক নয়। একই জরিপে ৬৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা সরকার কিংবা এলএফআই—কোনো পক্ষেরই সমর্থক নন। সিএসএর ২৯ ও ৩০ সেপ্টেম্বরের আরেক জরিপে ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, এলএফআই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

এএফপির ভাষ্য অনুযায়ী, ম্যাক্রোঁর মেয়াদের শেষ পর্যায়ে সংখ্যালঘু সরকার বাড়তে থাকা ঋণের চাপের মধ্যে ব্যয় সংকোচনের বাজেট সংসদে পাস করাতে হিমশিম খাচ্ছে। ১৩ অক্টোবর সংসদে বাজেট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একই সময়ে ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে ইরান সরকারের ‘অপপ্রচারের’ অভিযোগে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস।

আগামী শনিবার (১৭ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরেকটি বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত রয়েছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ কর্মসূচিকে ঘিরে ২০১৮ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গবেষক অলিভিয়ে এরৎশাইড বলছেন, বিভিন্ন সামাজিক ক্ষোভ একত্র হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে। আবার স্কুলছুটির কারণে এর গতি কমেও যেতে পারে।

সরকারের প্রতিশ্রুত প্রস্তাব অক্টোবরের শেষ নাগাদ আসার কথা। তবে শিক্ষকসংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগের সমাধান না হলে আন্দোলন কতটা প্রশমিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা