× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বারোপ

দিল জাহান আলী খোকন, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:১৮ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৭:২০ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বারোপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে সাংবাদিকদের পরিচিত করা এবং পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দিনব্যাপী মিডিয়া ট্রেনিংয়ের আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব (এলবিপিসি)। 

রবিবার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের ইকরা বাংলা টিভির আল-খায়ের হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্লাবের প্রায় ৮০ জন সদস্য অংশ নেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার পরিবর্তিত ধারা, সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী চারটি সেশনে প্রশিক্ষকেরা প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান শাহীনের সমন্বয়ে আয়োজিত কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মো. আবদুল হান্নান।

প্রথম সেশনের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা: বন্ধু নাকি শত্রু?’ সেশনটি পরিচালনা করেন বিবিসি বাংলার সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ হাসান খান। এ সময় তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর সম্ভাবনা ও সীমাবদ্ধতা, তথ্যের নির্ভুলতা এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

‘সামাজিক যোগাযোগমাধ্যম সাংবাদিকতার শক্তি’ শীর্ষক দ্বিতীয় সেশন পরিচালনা করেন রানার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা আসম মাসুম। সংবাদ প্রচার ও বিতরণ, পাঠক-দর্শকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে তিনি আলোচনা করেন।

তৃতীয় সেশনের বিষয় ছিল ‘নিউজরুম থেকে নিউজফিড: ডিজিটাল যুগে সংবাদ পরিবেশন’। সেশনটি পরিচালনা করেন দ্য ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি বুলবুল হাসান। ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশ কীভাবে প্রচলিত নিউজরুমের কার্যক্রম, সংবাদ পরিবেশনের কৌশল এবং পাঠক-দর্শকের সংবাদ গ্রহণের অভ্যাসে পরিবর্তন এনেছে, তা তুলে ধরেন তিনি।

চতুর্থ সেশনে ‘বাইলাইনের বাইরে: কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংবাদিকতাকে বদলে দিচ্ছে’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানী ও গ্রুপ লিডার ড. মোস্তাফা কামাল। সাংবাদিকতায় এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার, প্রযুক্তির কারণে পেশাগত দায়িত্বে পরিবর্তন এবং ডিজিটাল যুগে সাংবাদিকদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি।

প্রশিক্ষণের শুরুতে বিডিনিউজ২৪ ডটকমের সম্পাদক-ইন-চিফ তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে অংশগ্রহণকারীরা এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় শোক প্রস্তাব উপস্থাপন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু।

প্রশিক্ষণ চলাকালে ক্লাবের সদস্য আবু মুসা হাসান ও সারওয়ার-ই-আলম তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সদস্যদের পেশাগত উন্নয়নে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ পর্বে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ। তিনি বাংলাদেশি কমিউনিটিসহ বৃহত্তর সমাজে বাংলা গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি মূলধারার সমাজেও বাংলা গণমাধ্যমের সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকেরা আরও দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মসূচির পৃষ্ঠপোষক লন্ডন একাডেমি অব অ্যাপ্লায়েড টেকনোলজির পরিচালক ও হিসাবরক্ষক তরিকুর রশিদ চৌধুরী শওকত। তিনি ভবিষ্যতেও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আকরামুল হোসাইন। পেশাগত উন্নয়নমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণের আয়োজন ও সফল বাস্তবায়নে সহযোগিতাকারী প্রশিক্ষক, বক্তা, আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন কাউন্সিল স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ, প্রশিক্ষক ড. মোস্তাফা কামাল, আসম মাসুম এবং ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা। এ ছাড়া কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কাউন্সিলর মোস্তাক আহমেদ ও প্রশিক্ষক ড. মোস্তাফা কামালকে বিশেষ উপহার দেওয়া হয়।

কর্মসূচিতে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ আবদুল হান্নান, সহকারী সম্পাদক আবদুল কাদির মুরাদ, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান শাহীন, মিডিয়া ও আইটি সম্পাদক ফয়সল মাহমুদ এবং নির্বাহী কমিটির সদস্য সারওয়ার হোসেন, এনাম চৌধুরী ও ফারজানা চৌধুরীসহ অন্য সদস্যরা বিভিন্ন পর্যায়ে অংশ নেন।

ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী প্রশিক্ষণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান।

আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের সঙ্গে সাংবাদিকদের খাপ খাইয়ে নেওয়া এবং পেশাগত দক্ষতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তির কারণে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনায় যে পরিবর্তন আসছে, তা মোকাবিলায় সাংবাদিকদের প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা