× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলা

সোহেল আহমেদ বাপ্পি, প্যারিস, ফ্রান্স প্রতিনধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম

ফ্রান্সে সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলা

ফ্রান্সজুড়ে বড় খুচরা খাদ্যবিক্রেতা প্রতিষ্ঠানগুলোর শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (১২ অক্টোবর) রাতে চালানো এ হামলায় ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এতে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়েছে এবং কিছু দোকানে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সের কয়েকটি বড় খাদ্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থাকে লক্ষ্য করে ‘বৃহৎ পরিসরের’ এ হামলা চালানো হয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে (ANSSI) তদন্তের নির্দেশ দিয়েছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ক্যারেফুর, মনোপ্রিক্স, ইন্টারমার্শ ও কুপেরাতিভ ইউও। ক্যারেফুর জানিয়েছে, তাদের ৮০টি সুপারমার্কেট এ হামলার শিকার হয়েছে। ফ্রান্সজুড়ে প্রতিষ্ঠানটির প্রায় ছয় হাজার দোকান রয়েছে। মনোপ্রিক্সের প্রায় ৪৯০টি দোকানের মধ্যে ৫ শতাংশ আক্রান্ত হয়েছে। ইন্টারমার্শের মূল প্রতিষ্ঠান মুসকেতেয়ার গ্রুপ জানিয়েছে, তাদের প্রায় ১৫০টি দোকানের ফ্রিজের তাপমাত্রা ছয় ঘণ্টা ধরে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। আক্রান্ত দোকানগুলো থেকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সব ক্ষতিগ্রস্ত খাদ্য ফেলে দেওয়া হয়েছে। 

তবে আক্রান্ত দোকানের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কোম্পানির বরাতে টাইম জানিয়েছে, ইন্টারমার্শ ও তাদের নেত্তো ব্র্যান্ডের প্রায় ১৮০টি দোকান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। অন্যদিকে, বিএফএম-টিভির প্রতিবেদনে এ সংখ্যা ৩০০ বলা হয়েছে। কুপেরাতিভ ইউও জানিয়েছে, রাতের বেলায় তাদের রেফ্রিজারেশন ব্যবস্থার তাপমাত্রাও ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

হামলায় আর্থিক ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। তবে বিএফএম-টিভির তথ্যমতে, আলসাস অঞ্চলের দুটি সুপারমার্কেটেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ইউরো।

প্রাথমিক তদন্তে হামলার কৌশল সম্পর্কে কিছু তথ্য উঠে এসেছে। হামলার ঘটনা প্রথম প্রকাশ করা বিএফএম-টিভির প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা দূর থেকে রেফ্রিজারেশন ব্যবস্থায় জোরপূর্বক ডিফ্রস্ট চক্র চালু করে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এএনএসএসআই ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে একটি দুর্বলতা শনাক্ত করেছে।

ড্যানফস জানিয়েছে, ফ্রান্সে তাদের সরবরাহ করা সীমিতসংখ্যক রেফ্রিজারেশন ব্যবস্থাপনা সিস্টেমে এ ধরনের ঘটনার তথ্য তারা পেয়েছে। তবে এ সাইবার হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

ঝুঁকি শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। একই সফটওয়্যার অন্য দেশগুলোর দোকানেও ব্যবহৃত হতে পারে। এ কারণে ইউরোপের সমপর্যায়ের সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই (ANSSI)। একটি সাইবার গোয়েন্দা সংস্থার স্ক্যান অনুযায়ী, বিশ্বজুড়ে ইন্টারনেটে উন্মুক্ত ড্যানফস কন্ট্রোলারের প্রায় ৬০ শতাংশই ফ্রান্সে অবস্থিত।

ইউরোপীয় কমিশনার ক্রিস্টোফ হানসেন এ ঘটনায় সতর্ক করে বলেছেন, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টি এখন বাস্তবতা। বিশ্লেষকদের মতে, এ ঘটনা দেখিয়ে দিয়েছে, ডিজিটাল প্রযুক্তিনির্ভর খাদ্য সরবরাহব্যবস্থাও এখন সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা