এম. মেহেদুল খাঁন, সৌদি আরব (রিয়াদ) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২০:০৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ২০:০৭ পিএম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি-সংক্রান্ত কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব কনটেন্ট মুঠোফোনে সংরক্ষণ ও অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যেন ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলেন। প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: রিয়াদ বাংলাদেশ দূতাবাস।