অভ্র বড়ুয়া, গুজরাট, ভারত প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম
শারদের আকাশে যখন উৎসবের রং, তখন গুজরাটের মাটিতেও ধ্বনিত হবে বাংলার সুর। ৮৯ বছরের ঐতিহ্যবাহী আহমেদাবাদ কালীবাড়ির দুর্গোৎসবে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছেন বাংলাদেশের আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী। মহাসপ্তমী উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) রাত ৮টায় কালীবাড়ির সাংস্কৃতিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের তিন শিক্ষার্থী প্রণয় চৌধুরী (ঢাকা), অভ্র বড়ুয়া ও প্রীতম নন্দী (চট্টগ্রাম)।
মায়াপুরের ইসকন মন্দিরের আদলে সাজানো হচ্ছে এবারের পূজামণ্ডপ। বিশিষ্ট সংগীতশিল্পী শ্বেতা কর্মকারের পরিচালনায় বাংলাদেশের তিন তরুণ শিল্পীসহ আহমেদাবাদের বেশ কয়েকজন সংগীতশিল্পী পরিবেশন করবেন বিশেষ কিছু গান। পাশাপাশি থাকছে ভিন্নধর্মী সাংস্কৃতিক উপস্থাপনা। এসব আয়োজন এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা। এবারের আয়োজনে প্রতিদিন ১৫ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা রয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।
উৎসবের সাংস্কৃতিক পর্বে জি বাংলার ‘সারেগামাপা’-খ্যাত জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি অংশ নেবেন আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও। সব মিলিয়ে এবারের শারদোৎসব সুর ও সংস্কৃতির এক বর্ণিল মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের উপস্থিত থাকার কথা রয়েছে।