× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২১:৩২ পিএম

২০২৬ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি

ইউরোপে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন এমন বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার খবর দিয়েছে ইতালি। দেশটির সরকার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন ‘ডেক্রেতো ফ্লুসি’ (Decreto Flussi) বা বৈধ শ্রম অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন বিদেশি কর্মীকে কাজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ইতালির সরকারি গেজেটে প্রকাশিত ডিক্রি ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন তথ্যপোর্টালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের শ্রম অভিবাসন পরিকল্পনাটি ২০২৫ সালের ১৫ অক্টোবর প্রকাশিত DPCM 2 ottobre 2025-এর মাধ্যমে অনুমোদন করা হয়। এতে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মীকে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের কোটার মধ্যে ৮৮ হাজার কর্মীকে মৌসুমি কাজের জন্য এবং ৭৬ হাজার ৮৫০ জনকে অ-মৌসুমি ও স্বনিয়োজিত কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অ-মৌসুমি কর্মী, ৬৫০ জন স্বনিয়োজিত কর্মী এবং ৮৮ হাজার মৌসুমি কর্মীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছে।

তবে বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতালির কর্মী ভিসা ব্যবস্থা নিয়োগকর্তানির্ভর। সরকারি প্রক্রিয়া অনুযায়ী, বিদেশে অবস্থানরত কোনো কর্মী নিজে সরাসরি শ্রম অভিবাসনের কোটা আবেদন করতে পারেন না। ইতালির একজন বৈধ নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কর্মীর পক্ষে অনলাইনে কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta)-এর আবেদন করতে হয়। আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে কর্মী ভিসার জন্য আবেদন করতে পারেন।

২০২৬ সালের আবেদন গ্রহণের সময়সূচিও নির্ধারণ করেছে ইতালি সরকার। কৃষিখাতের মৌসুমি কর্মীদের আবেদন ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের ৯ ফেব্রুয়ারি, অ-মৌসুমি কর্মীদের ১৬ ফেব্রুয়ারি এবং পরিবার ও পরিচর্যা খাতের অ-মৌসুমি কর্মীদের আবেদন ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে। কোটা খালি থাকা সাপেক্ষে আবেদন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন কোটা ঘোষণার পর ভিসা ও চাকরির নামে প্রতারণার ঝুঁকিও বেড়ে যায়। তাই আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে সরকারি ডিক্রিতে কোনো ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে ‘নিশ্চিত ভিসা’ বা ‘গ্যারান্টি কোটা’ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বৈধ নিয়োগকর্তা ও সরকারি অনলাইন প্রক্রিয়া ছাড়া ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার কোনো স্বীকৃত ব্যবস্থা নেই। এ ছাড়া সরকারি নথিতে বাংলাদেশি কর্মীদের জন্য আলাদা কোনো কোটা বা নির্দিষ্ট অভিবাসন ব্যয়ের তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত মাধ্যমে প্রচারিত নির্দিষ্ট খরচের দাবিগুলো আবেদনকারীদের নিজ দায়িত্বে যাচাই করা প্রয়োজন।

নতুন কোটার ফলে ইতালির শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়লেও বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন, সরকারি প্রক্রিয়া অনুসরণ এবং প্রতারণা থেকে সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিবাসন খাতের সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা